সিডিবিএলের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেশ
শেয়ারবাজারের তথ্যভান্ডার খ্যাত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কারিগরি ত্রুটি ও এর পরিপ্রেক্ষিতে লেনদেন বন্ধের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন পেশ করেছে। আজ মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের কাছে এই প্রতিবেদন পেশ করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।সূত্র জানায়, গত সোমবার সিডিবিএলে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে পরের দিন মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখা হয়। বিষয়টি তদন্তে মঙ্গলবার চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে এসইসি। এসইসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন এসইসির পরিচালক রাজীব আহমেদ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আইটি (তথ্যপ্রযুক্তি) বিভাগ থেকে একজন করে মোট দুজন কর্মকর্তা। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।তদন্তে ঘটনাটি কীভাবে ঘটেছে, এতে কারও গাফিলতি আছে কি না এবং সার্ভারে সৃষ্ট সমস্যার প্রকৃতি ও তার গভীরতা কেমন—এই বিষয়গুলো খতিয়ে দেখতে বলা হয়।এদিকে তদন্ত প্রতিবেদনে গত সোমবারের ঘটনার জন্য প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে একই সমস্যার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।