সিডিবিএলের ডেটাবেইজ সুরক্ষিত ও নিরাপদ
স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ারসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কারিগরি সমস্যা নিয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিডিবিএলের ডেটাবেইজ পুরোটাই সুরক্ষিত ও নিরাপদ রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বুধবার রাতে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ সামাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সিডিবিএলের সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে ওই দিনের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন করা শেয়ার ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমা দেওয়া সম্ভব হয়নি। আর এ কারণে পরদিন অর্থাত্ গত মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে। সিডিবিএলের পক্ষ থেকে এ সমস্যার কারণ চিহ্নিত এবং সঠিক সমাধানও করা হয়েছে। এতে আরও বলা হয়, সোমবার যেসব লেনদেন আটকে গিয়েছিল, তা নিষ্পত্তি করা হয়েছে। সব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে তাঁদের লেনদেন করা শেয়ার নির্ভুলভাবে জমা দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিনিয়োগকারীরা তাঁদের নিজস্ব বিও হিসাবের তথ্য নিতে চাইলে কোনো ফি ছাড়াই তা সিডিবিএল থেকে প্রদান করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।সিডিবিএল সূত্রে জানা যায়, কারিগরি সমস্যা নিয়ে গতকাল বুধবার বিকেল পাঁচটায় জরুরি বৈঠকে বসে সিডিবিএলের পরিচালনা পর্ষদ। বৈঠকে সোম ও মঙ্গলবারের কারিগরি সমস্যা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এ সমস্যা নিয়ে গঠিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদন্ত কমিটির পাশাপাশি এ কমিটিও অভ্যন্তরীণভাবে বিষয়টি তদন্ত করবে বলে সিডিবিএল সূত্রে জানানো হয়।