সিডিবিএলের নতুন চেয়ারম্যান শেখ কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন বা বিআইএর সভাপতি শেখ কবির হোসেন। গত ২৬ ফেব্রুয়ারি সিডিবিএলের পর্ষদ সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিআইএ গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান সিডিবিএল। ডিপজিটরি আইন ১৯৯৯, ডিপজিটরি প্রবিধানমালা ২০০০, ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এবং সিডিবিএল বাই লজ অনুযায়ী প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিদেশি ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), তালিকাভুক্ত কোম্পানি, বিমা কোম্পানি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ২০০০ সালে গঠিত হয় সিডিবিএল। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ২০০৩ সালে। বিনিয়োগকারীদের শেয়ার ইলেকট্রনিক ফর্মে সংরক্ষণ, ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে শেয়ার হস্তান্তর এবং স্টক এক্সচেঞ্জের লেনদেনকৃত সব শেয়ারের নিষ্পত্তি করে সিডিবিএল।
যোগাযোগ করলে নতুন চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রথম আলোকে জানান, বিনিয়োগকারীদের স্বার্থে প্রতিষ্ঠানটিকে আরও বেশি কার্যকর ও সক্ষম করার ব্যাপারে তিনি মনোযোগ দেবেন।