সিডিবিএলের যাবতীয় তথ্যভান্ডার সুরক্ষিত
শেয়ারবাজারের তথ্যভান্ডার বলে খ্যাত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্যভান্ডার বা ডেটাবেইস সুরক্ষিত রয়েছে। এ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে সিডিবিএল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এইচ সামাদ জানিয়েছেন, কোনো বিনিয়োগকারীর যদি সন্দেহ থাকে, তাহলে তিনি বিনা খরচে সিডিবিএল থেকে তাঁর বিও হিসাবের (বেনিফিশিয়ারি ওনার্স) তথ্য সংগ্রহ করে যথাযথ আছে কি না, তা যাচাই করে দেখতে পারবেন।রাজধানীর কারওয়ান বাজারে সিডিবিএল কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এসব কথা বলেন।সিডিবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার সিডিবিএল সার্ভারে যে সমস্যা দেখা দিয়েছিল, সেটি ছিল প্রয়োগজনিত (অ্যাপ্লিকেশন) সমস্যা। এ কারণে অনেক ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সিডিবিএল সার্ভারের সঙ্গে সংযুক্ত হতে পারেননি। ফলে দিন শেষে অনেক ব্রোকারেজ হাউসের বিক্রীত শেয়ার ওই হাউজের ক্লিয়ারিং হিসাবে স্থানান্তর করা সম্ভব হয়নি। তাই মঙ্গলবার লেনদেন বন্ধ রাখতে হয়েছে। এম এইচ সামাদ আরও বলেন, কারিগরি সমস্যাটি বড় কোনো সমস্যা না হলেও এটি শনাক্ত করতে দীর্ঘ সময় লেগে যায়। এর ফলে পুরো প্রক্রিয়াটির আবর্তন (সার্কেল) বিঘ্নিত হয়। তাই এক দিন লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিডিবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পুরো সিস্টেমটি ২৪ ঘণ্টা ধরেই আবর্তিত হয়। তাই দীর্ঘ সময় বন্ধ থাকলে এই আবর্তনে কিছুটা জটিলতা তৈরি হতে পারে, যার কারণে নিরবচ্ছিন্ন পদ্ধতিতে প্রতিবন্ধকতা তৈরির সম্ভাবনা থাকে। এ কারণে প্রক্রিয়াটির পুরো আবর্তন সুচারুভাবে সম্পন্ন করতে কিছুটা সময় নেওয়া হয়েছে।এম এইচ সামাদ জানান, শেয়ারবাজারের তথ্য সংরক্ষণের জন্য সিডিবিএলের একাধিক নেপথ্য ব্যবস্থা (ব্যাকআপ সাপোর্ট) রয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতেই এসব ব্যবস্থা সক্রিয় থাকে। সেসব ব্যবস্থায় যথেষ্ট নিরাপত্তাও রয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিস্টেম অ্যানালিস্ট কে এম সাবেরুল ইসলাম এবং মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সালাউদ্দিন হায়দার।