সিদ্ধান্তহীনতায় ৬ মাসে ক্ষতি ৫০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিদেশ থেকে আসা আন্তর্জাতিক কলের আয় ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তহীনতায় প্রতিদিনই বাড়ছে সরকারের রাজস্ব ক্ষতি। এর ফলে গত বছরের ২৩ আগস্ট থেকে এখন পর্যন্ত এ খাতে সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ৫০০ কোটি টাকা। আর কলরেট বাড়িয়ে এবং সরকারসহ অন্য সব পক্ষকে বঞ্চিত করে এই সময়ে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটররা আয় করেছে বাড়তি ৬৫০ কোটি টাকা। দেশে আসা আন্তর্জাতিক কলের পরিসংখ্যান বিশ্লেষণ করে সরকারের রাজস্ব ক্ষতির এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব অনুযায়ী, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ২৩৫ দিনে দেশে বৈধ পথে মোট কল এসেছে ২ হাজার ৬২২ কোটি মিনিট। এই সময়ে প্রতিদিন গড়ে কল এসেছে ১১ কোটি ১৫ লাখ মিনিট আর কল টার্মিনেশন রেট ছিল দেড় সেন্ট বা ১ টাকা ২০ পয়সা।
গত বছরের ২৪ আগস্ট কলরেট বাড়িয়ে ২ সেন্ট বা ১ টাকা ৬০ পয়সা করার পর ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রতিদিন গড়ে কল এসেছে ৮ কোটি ৬২ লাখ মিনিট। অর্থাৎ কলরেট বৃদ্ধির পর চার মাসে প্রতিদিন গড়ে আড়াই কোটি মিনিট কল কম এসেছে। এই সময়ে ১৩০ দিনে মোট কল এসেছে ১ হাজার ১২০ কোটি মিনিট।
এ ক্ষেত্রে সরকারের দুই ধরনের রাজস্ব ক্ষতি হয়েছে। প্রতিদিন আড়াই কোটি মিনিট কল কম আসায় গত বছরের ২৪ আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে সরকার হারিয়েছে অন্তত ২২৮ কোটি টাকা। আর কলরেট ৪০ পয়সা বৃদ্ধির ফলে যে বাড়তি আয় হয়েছে, তার ভাগ না পাওয়ায় সরকার হারিয়েছে ২৬০ কোটি টাকা। কলরেট বৃদ্ধির ফলে গত ছয় মাসে বাড়তি আয় হওয়া ৬৫০ কোটি টাকার পুরোটাই পেয়েছে আইজিডব্লিউ অপারেটররা।
নিয়ম অনুযায়ী, প্রতি এক মিনিট কল থেকে যে আয় হয়, তার ৪০ শতাংশ বিটিআরসি, ১৭ দশমিক ৫ শতাংশ আইসিএক্স, ২২ দশমিক ৫ শতাংশ মোবাইল অপারেটর আর বাকি ২০ শতাংশ আইজিডব্লিউ কোম্পানিগুলো পেয়ে থাকে।
মন্ত্রণালয় ও বিটিআরসি সূত্রে জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বরে কলরেটের সর্বনিম্ন সীমা (ফ্লোররেট) তিন সেন্ট থেকে কমিয়ে দেড় সেন্ট করা হয়। ওই সময় সর্বনিম্ন রেট, অর্থাৎ দেড় সেন্টেই রাজস্ব ভাগাভাগির নিয়ম রেখে আন্তর্জাতিক কল আনার নতুন পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর অনুমোদন দেওয়া হয়। রাজস্ব ভাগাভাগির এই পরীক্ষামূলক পদ্ধতি কয়েক দফায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর ছয় মাসের বেশি সময় চলে গেলেও নতুন কোনো নির্দেশনা দিতে পারেনি সরকার।
কল টার্মিনেশন রেট যখন তিন সেন্ট ছিল, তখন কলরেট বাড়ানোর সর্বোচ্চ সীমা (সিলিং রেট) ছিল সাড়ে তিন সেন্ট। কিন্তু কলরেট কমিয়ে দেড় সেন্ট করার সময় আর সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। কলরেটের সর্বোচ্চ সীমা ১ দশমিক ৭ সেন্ট নির্ধারণে বিটিআরসির একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও সেটি এখনো বাস্তবায়িত হয়নি। মূলত কলরেটের সর্বোচ্চ সীমা বেঁধে না দেওয়ার এ সুযোগ কাজে লাগিয়ে বাড়তি আয় করছে আইজিডব্লিউ অপারেটররা।
রাজস্ব ভাগাভাগির বিষয়টি সমাধানে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট-সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রস্তাবনায় যে রেটে কল টার্মিনেট করা হবে, সেই রেটেই আয় ভাগাভাগি হওয়া উচিত এমন সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আয় ভাগাভাগি নিশ্চিত করতে এ-সংক্রান্ত অন্যান্য নীতিমালার সংশ্লিষ্ট ধারাগুলো পরিবর্তনের বিষয়টিও যুক্ত করা হয়েছে।
দেশে বর্তমানে ২৩টি আইজিডব্লিউ অপারেটর থাকলেও মাত্র সাতটি অপারেটর কল টার্মিনেট বা গ্রাহক পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমান নিয়মে একই লাইসেন্স পেয়েও ওই সাত অপারেটর বাকি ১৬টি অপারেটরের চেয়ে প্রায় দ্বিগুণ আয় করে। সাত আইজিডব্লিউর তৈরি আইজিডব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ) নামে একটি সংগঠনও রয়েছে, যারা আন্তর্জাতিক কল নিয়ন্ত্রণের জন্য নিজেরাই কমন ইন্টারন্যাশনাল পয়েন্ট (সিআইপি) নামের একটি ব্যবস্থা তৈরি করেছে।
জানা গেছে, বিদেশ থেকে বাংলাদেশে যে আন্তর্জাতিক কল আসে, তার সিংহভাগ করে থাকেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিকেরা। প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা না থাকায় প্রবাসী শ্রমিকেরা সাধারণত ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্কাইপের মতো মাধ্যম ব্যবহার না করে প্রথাগত মাধ্যমেই দেশে ফোন করেন। কলরেট ৪০ পয়সা বৃদ্ধি পাওয়ায় এখন প্রবাসী বাঙালিদের দেশে ফোন করতে আগের চেয়ে বেশি পয়সা খরচ করতে হচ্ছে।
তথ্যপ্রযুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান বলেন, ‘প্রবাসী শ্রমিকেরা বিদেশে কাজ করে যা আয় করেন, সেই অর্থের প্রায় পুরোটাই তাঁরা দেশে পাঠান। দেশে কথা বলার জন্য এখন তাঁদের যে বাড়তি খরচ হচ্ছে, সেটা আর দেশে আসছে না। এতে সরকার মূল্যবান প্রবাসী-আয় হারাচ্ছে।’
এদিকে আইজিডব্লিউ অপারেটরদের একচেটিয়া ব্যবসার কারণে আবার বেড়ে গেছে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল। দেশের তিন বড় মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের ২৪ আগস্ট থেকে তাদের মাধ্যমে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ গড়ে ১২ শতাংশ কমে গেছে। এসব কল এখন অবৈধ ভিওআইপি হয়ে দেশে ঢুকছে।
বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির দায়িত্বশীল কেউই উদ্ধৃত হয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সরকারের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এসব দিক বিবেচনা করে নীতিমালা সংশোধনের প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলেই সরকারের এখন যা রাজস্ব ক্ষতি হচ্ছে, সেটা আদায় করা যাবে। অর্থ মন্ত্রণালয়ও বিষয়টির সঙ্গে যুক্ত আছে।’