সিদ্ধিরগঞ্জে ৩৩৫ ও ভোলায় ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি নতুন পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ প্রকল্প স্থাপন করছে সরকার। এ ছাড়া সিরাজগঞ্জে ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টকে ২২৫ মেগাওয়াটে উন্নীত করা হবে।গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে আরও কিছু প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নয় হাজার ৩৯৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন হয়। এর মধ্যে ছয় হাজার ১৯৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং তিন হাজার ২০০ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।জানা গেছে, ‘সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ (সংশোধিত)’ প্রকল্পটি ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মেটানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইসিজিবিএল) ২০১৫ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে চার হাজার ২৩৯ কোটি টাকা। এটি বাস্তবায়নে বিশ্বব্যাংকের কাছ থেকে এক হাজার ৮২০ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে। তবে এটি না পেলে সরকারের নিজস্ব তহবিল থেকে কিংবা সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।‘কনস্ট্রাকশন অব ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্থাপিত হবে। এই বিদ্যুৎ প্রকল্পে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের গ্যাস ব্যবহার করা হবে। বিশ্বব্যাংকের আইডিএর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি সম্ভাব্যতা জরিপ ইতিমধ্যে শেষ হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১১ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০১৪ সাল মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর ব্যয় ধরা হয়েছে ২০৬০ কোটি টাকা। প্রকল্পটির জন্য ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এক হাজার ৩৭৮ কোটি টাকা প্রদান করবে।‘আপগ্রেডেশন অব সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্লান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্লান্ট’ প্রকল্পের আওতায় কোনো বাড়তি ফুয়েল ছাড়াই প্রকল্পটি থেকে অতিরিক্ত ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৬৭৯ কোটি টাকা।একনেকের সভায় দেশের গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সামগ্রিক যাতায়াতব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ‘উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ (সংশোধিত)’ নামে একটি প্রকল্প অনুমোদিত হয়, যেটির আওতায় সারা দেশে ১৫৫টি সেতু (২২ হাজার ৫০৪ মিটার) নির্মাণ করা হবে। এক হাজার ৪০৬ কোটি টাকা ব্যয়-সংবলিত প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করবে।সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো: ২১৪ কোটি টাকার বগুড়া জেলার যমুনা নদীর ডান তীর সংরক্ষণ, ১৯৮ কোটি টাকার সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ, ৪৭ কোটি টাকার বিএমআর অব কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ৫৫০ কোটি টাকার কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন।একনেকের সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের অবহিত করেন।