সিনহুয়ার ২৪ কোটি ডলারের শেয়ার ছাড়ার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনহুয়ার ২৪ কোটি ডলারের শেয়ার ছাড়ার পরিকল্পনা
সিনহুয়ার ২৪ কোটি ডলারের শেয়ার ছাড়ার পরিকল্পনা

চীনের সরকারি বার্তা সিনহুয়া পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) তথা শেয়ার ছেড়ে স্থানীয় মুদ্রায় ১৫০ কোটি রেনমিনবি সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে; যা ২৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশের এক হাজার ৯৩৬ কোটি টাকার সমান (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)।
সিনহুয়ার অনলাইন সংস্করণ সিনহুয়ানেট পরিচালনার জন্য পুঁজিবাজার থেকে উল্লিখিত পরিমাণ অর্থ সংগ্রহ করবে। দেশটিতে অনলাইনভিত্তিক মিডিয়া বা গণমাধ্যমগুলোর দ্রুত বিকাশ ও ব্যাপক প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে সরকারি বার্তা সংস্থাটি মার্কেট শেয়ার বা বাজার হিস্যা বাড়াতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে মাঠে নামছে।
এর আগে ২০১২ সালে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পত্রিকা পিপলস ডেইলি তাদের অনলাইন সংস্করণ পিপলডটসিএন পরিচালনার জন্য পুঁজিবাজারে শেয়ার ছেড়ে ১৪০ কোটি রেনমিনবি তুলেছিল।
সিনহুয়ানেট অনলাইনে ১০টি ভাষায় খবর পরিবেশন করছে। বর্তমানে চীনসহ বিশ্বব্যাপী ১৮০টি ব্যুরো অফিস ও সাড়ে চার হাজার সাংবাদিক রয়েছেন এই বার্তা সংস্থার। এটি উত্তেজক ছবি ও তারকাদের নিয়ে গল্প-গুজব ছাপতে একদম কার্পণ্য করে না; যা কমিউনিস্ট বিপ্লবীদেরও ভ্রু কুঁচকে দেয়।
চীনে কমিউনিস্ট শাসন শুরুর ১৯ বছর আগে ১৯৩০ সালে সিনহুয়া বার্তা সংস্থা চালু হয়।
চীনে অনলাইনভিত্তিক বিজ্ঞাপনের বাজার দ্রুতগতিতে বিকশিত হচ্ছে। তবে বিজ্ঞাপন পাওয়ার জন্য গণমাধ্যমে তীব্র প্রতিযোগিতাও চলছে। অনলাইন বাজার গবেষণাবিষয়ক স্থানীয় প্রতিষ্ঠান অ্যানালিসিস ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চীনে ২০১৩ সালের শেষ তিন মাসে অনলাইনে সার্বিকভাবে যে পরিমাণ বিজ্ঞাপন প্রকাশিত হয়, তার বাজারমূল্য ছিল তিন হাজার কোটি রেনমিনবি বা ইউয়ান; যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৩ শতাংশ বেশি।
চীনে সবচেয়ে বেশি অনলাইন বিজ্ঞাপন পেয়ে থাকে ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা বাইদু এবং ই-কমার্স গ্রুপ বা অনলাইন ব্যবসায়িক গোষ্ঠী আলীবাবা। এর মধ্যে বাইদু ৩১ শতাংশ ও আলীবাবা ১৮ শতাংশ বিজ্ঞাপন পায়। গুগল চায়না পায় ৬ শতাংশ।
আর টেনচেট, সোহু ও সিনানহ শীর্ষ পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল পায় ১৫ শতাংশ বিজ্ঞাপন। তবে এরম ধ্যে সিনহুয়ানেট পরিচালিত দুটি পোর্টাল ( www.xinhuanet.com ও www.news.cn) নেই।
বিশ্লেষকেরা মনে করেন, চীনে ইন্টারনেট ব্যবহার উচ্চহারে বাড়ছে। সরকারি তথ্যের বরাত দিয়ে সিনহুয়ানেটের প্রসপেক্টাসে বলা হয়েছে, গত ২০১৩ সালে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬১ কোটি ৮০ লাখ; যা মোট জনসংখ্যার (১৩৫ কোটি, বিশ্বব্যাংকের তথ্য) ৪৬ শতাংশ। এই হার মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ায় প্রায় ৭৫ শতাংশ।
চীনা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রকাশিত প্রাথমিক প্রসপেক্টাসে বলা হয়েছে, ২০১৩ সালে সিনহুয়ানেট ৪৫ কোটি ৬০ লাখ রেনমিনবির নিট মুনাফা অর্জন করেছে। এর অধিকাংশই আসে অনলাইন বিজ্ঞাপন থেকে।
সিনহুয়ানেটের আইপিও আবেদন বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেশটিতে অবশ্য একই ধরনের পাঁচ শতাধিক প্রতিষ্ঠানের আবেদন বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার বিবেচনায় আছে।
আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের প্রসপেক্টাসে সিনহুয়া তার কৌশল সম্পর্কে জানিয়েছে যে তারা নিউজ ওয়েবসাইট জোরদার, সামাজিক নেটওয়ার্ক ও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেবে। সিনহুয়ানেট আইপিওর মাধ্যমে পাওয়া অর্থ মোবাইল ফোন ও কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে ব্যবহার করবে।
বিদেশে চীনের ভাবমূর্তি বৃদ্ধি করাও সিনহুয়া নেটের নতুন এই পরিকল্পনা হাতে নেওয়ার আরেকটি বড় লক্ষ্য। ২০১০ সালে এটি সিএনসি ওয়ার্ল্ড নামে একটি ইংরেজি ভাষাভিত্তিক টেলিভিশন চালু করে। বিশ্বের ৬০টি দেশে কেব্ল, স্যাটেলাইট ও ইন্টারনেট টিভির মাধ্যমে এই টিভি স্টেশনের খবর দেখা যায়।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস।