সিনোবাংলার লভ্যাংশ ঘোষণা, কমেছে ইপিএস
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি গত ৩১ অক্টোবর শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সিনোবাংলার পক্ষ থেকে আজ বুধবার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ অক্টোবর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৮ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে সিনোবাংলার ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে এক টাকা ২৪ পয়সা, যা আগের বছরের চেয়ে ৫১ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল এক টাকা ৭৫ পয়সা। ওই সময়ে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
লভ্যাংশ ঘোষণার খবরে আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় সাড়ে ৭ শতাংশ বা দুই টাকা বেড়ে গেছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৩০ টাকা।