সিন্ডিকেশন অর্থায়ন নিয়ে আইডিএলসির আলোচনা
সিন্ডিকেশন অর্থায়নে ‘বাংলাদেশে অতীত, বর্তমান ও ভবিষ্যত্’ শীর্ষক এক আলোচনা সভা করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সিন্ডিকেশন ঋণের সঙ্গে সম্পৃক্ত প্রধান আয়োজক আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, এই ঋণে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো, ঋণগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক ও প্রধান স্টেকহোল্ডারদের নিয়ে এই আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় বাংলাদেশে সিন্ডিকেশন অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত পৃষ্ঠপোষকদেরকে একটি একক ফোরামে নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়, যাতে করে তারা সিন্ডিকেশন ঋণ বিষয়ে বিভিন্ন সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও সুযোগ-সুবিধার ব্যাপারে আলোচনা করে পৃথক ও যৌথ কর্মপরিকল্পনার সিদ্ধান্ত নিতে পারেন।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এইচ এম জিয়াউল হক খান সভার উদ্বোধন করেন। আইডিএলসি ফাইন্যান্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কাজী ফারহান জহির সিন্ডিকেশন ঋণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইপিএফএফ সেল) হোসনে আরা শিখা, অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হারাধন চন্দ্র দাস, ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তৌহিদুল আলম খানসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন কর্মকর্তা সিন্ডিকেশন অর্থায়নের এই আলোচনায় অংশ নেন।
আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সমাপনী বক্তব্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পোন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেশন অর্থায়নের অবদানের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি।