সিন্দাবাদডটকম নামে ই-কমার্স সাইট চালু

সিন্দাবাদডটকম নামে নতুন একটি ই-কমার্স সাইটের উদ্বোধন হয়েছে। উদ্যোক্তারা বলছেন, ব্যবসায় কেনাকাটার (বি টু বি) জন্য এটাই দেশের প্রথম ই-কমার্স সাইট। আর ব্যবসায়িক কেনাকাটার সব সমাধান এই সাইটে এক জায়গায় পাওয়া যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির, পরিচালক আসিফ জহির, জিরো গ্র্যাভিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহপ্রতিষ্ঠাতা জীশান কিংশুক হক এবং ব্লুমার্স অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশের সিইও এবং প্রতিষ্ঠাতা অংশীদার খালিদ কাদির।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, বাংলাদেশের উদ্যোক্তাদের দক্ষতা ও যোগ্যতা আছে। এগিয়ে যেতে তাঁরা আর্থিক সহায়তা চান, চান নীতি সহায়তা। সরকার এই সহযোগিতা দিচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, সিন্দাবাদডটকম এমন একটি সাইট যেখান থেকে অফিস, কারখানা কিংবা যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কয়েকটি ক্লিক করেই যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকে নিজেদের সুবিধামতো বিক্রির আদেশ করতে পারবে। একদম সময়মতো পৌঁছে যাবে পণ্য। সাইটটিতে ৫টি ক্যাটাগরিতে প্রায় ৬ হাজার পণ্য আছে। স্টেশনারি, অফিস সাফাই, বৈদ্যুতিক পণ্য, তথ্যপ্রযুক্তি পণ্য, নিরাপত্তা পণ্য—সবই পাওয়া যাবে পাইকারি মূল্যে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে ২৫০-এর বেশি অনলাইন ই-কমার্স শপ আছে, যার অধিকাংশই ফেসবুকভিত্তিক। তাদের মধ্যে প্রায় সব কটিই খুচরা ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে থাকে।