সিপিডির ট্রাস্টি বোর্ডের সভা
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বোর্ড অব ট্রাস্টিজের ৪৯তম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সিপিডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সভায় চলতি বছরে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডি পরিচালিত গবেষণা, সংলাপ, প্রকাশনাসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে পর্যালোচনা করা হয়।
এ ছাড়া সভায় ২০১৬ সালের সিপিডির নিরীক্ষা প্রতিবেদন ও ২০১৭ সালের সংশোধিত বাজেট পর্যালোচনা এবং অনুমোদন করা হয়।
বোর্ড সভায় আগামী ডিসেম্বর পর্যন্ত সিপিডির গবেষণা, সংলাপ, প্রকাশনা ও প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা অনুমোদন করা হয়। এ সময় সিপিডির সার্বিক কার্যক্রমের একটি বড় অংশজুড়ে থাকবে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থরক্ষায় বহুপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতিমালাকে সংযুক্ত করা।
সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, অ্যাপেক্স গ্রুপের সভাপতি ও সিপিডির বোর্ড অব ট্রাস্টিজের কোষাধ্যক্ষ সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।