সিপিডির ট্রাস্টি বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের সভা গত সোমবার ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২২ সালের জন্য সিপিডি গবেষণা, সংলাপ, প্রকাশনা ও প্রচারণা–সম্পর্কিত যে পরিকল্পনা পেশ করে, ট্রাস্টি বোর্ড তা অনুমোদন করে। এ ছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য সিপিডি যে সংশোধিত বাজেট পেশ করে, সভায় তা–ও অনুমোদিত হয়।
২০২১ সালের জুলাই-ডিসেম্বর সময়ে সিপিডির গবেষণা ও প্রচারণা-সম্পর্কিত কার্যক্রমের প্রশংসা করেছে ট্রাস্টি বোর্ড। এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য কিছু গবেষণার মধ্যে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা (দ্বিতীয় পাঠ), জাতীয় বাজেট নিয়ে সিপিডির সুপারিশ, বাংলাদেশে পরিবেশবান্ধব বিনিয়োগের জন্য প্রণোদনা, টেক্সটাইল ও আরএমজি খাতের সবুজ রূপান্তর সুরক্ষিত করা, সিপিডির পরিবেশবান্ধব নগরবিষয়ক উদ্যোগ, বিদ্যুৎ খাতের অবস্থা, ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে বরাদ্দের অগ্রাধিকার, প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে পরিবর্তনের সম্ভাবনা, জাতিসংঘের দিকনির্দেশনা (ইউএনজিপিস) মেনে তৈরি পোশাক খাত গঠন, প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে জলবায়ু তহবিলের সঙ্গে জড়িত মিশ্র অর্থব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ ও চ্যালেঞ্জ ইত্যাদি।
সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে বোর্ড সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য ও নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীর, সাবেক অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামান, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, ঢাবির ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ এফসিএ, সিপিডির বিশেষ ফেলো রওনক জাহান, দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ও সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব ফাহমিদা খাতুন।