
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন। গতকাল সিপিডির বোর্ড অব ট্রাস্টিজের ৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সম্মানীয় ফেলো হিসেবে কাজ করবেন। তাঁরা নতুন পদে কাজ শুরু করবেন আগামী মাসে। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের এ সভায় উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, অ্যাপেক্স গ্রুপের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সভায় বোর্ড সদস্যরা ২০১৬ সালে সিপিডির গবেষণা ও যোগাযোগবিষয়ক কার্যক্রম নিয়ে সার্বিকভাবে সন্তোষ প্রকাশ করেন। এতে ওই বছরের বার্ষিক হিসাব এবং চলতি ২০১৭ সালের প্রস্তাবিত বাজেট, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডির গবেষণা, সংলাপবিষয়ক কার্যক্রমের পরিকল্পনা অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি