সিপিডির সমালোচনা করলেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবাই যখন বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, তখন তারাই বলছে শুধু নেতিবাচক কথা। দেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগকে (সিপিডি) উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেছেন।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নবনিযুক্ত রাষ্ট্রদূত পিয়েরে মেয়াউডন সাক্ষাৎ করেন।
এরপর সাংবাদিকেরা বাণিজ্যমন্ত্রীর কাছে জানতে চান-সম্প্রতি এক অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের এক দশক সময় লাগবে বলে জানিয়েছে সিপিডি। এ বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন।
জবাবে সিপিডিকে ইঙ্গিত করে তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের গবেষণার উদ্দেশ্য আছে।’ কী সেটা জানতে চাইলে তিনি বলেন ‘এখন বলব না।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) তৈরি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডি এলডিসি থেকে বাংলােদশের উত্তরণ বিষয়ে কথা–বার্তা বলে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকসহ বিশ্বের বড় বড় সংস্থা এখন বাংলাদেশ সম্পর্কে ভালো বলছে। বিশ্বব্যাংকের গবেষণায়ও ওঠে এসেছে বাংলাদেশের সাফল্য। কিন্তু এই গবেষণা সংস্থাটি তা দেখছে না।
সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তারা কি তাহলে বিশ্বব্যাংকের চেয়েও চেতা নাকি?
দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা তাদের দায়িত্ব উল্লেখ করে তোফায়েল বলেন, ‘আমরা যখন তা তুলে ধরছি, তখন কতগুলো সংগঠন নেতিবাচক দিকগুলো তুলে ধরছে। বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিদেশি পত্রপত্রিকা যে লিখছে তা সিপিডির চোখে পড়ে না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক অনেক সংস্থারই দেওয়া লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়েরও আগে পূরণ করেছি। ১০ বছর হওয়ার দুই বছর বাকি থাকতেই মধ্যম আয়ের দেশে পরিণত হব।’
বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে যোগাযোগ করলে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সিপিডিকে যুগে যুগেই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। ২০০৬ সালে বিনিয়োগ বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের দায়ের করা অভিযোগে হুলিয়া পর্যন্ত জারি হয়েছিল আমাদের নামে।’
দেবপ্রিয় আরও বলেন, ‘গবেষণার কোনো তথ্য-উপাত্তের ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারেননি বাণিজ্যমন্ত্রী। আমরা বলেছিলাম যে অর্থনীতিতে কী কী পদক্ষেপ নিলে ১০ বছরের আগেই ভালো ফল পাওয়া সম্ভব। অথচ মন্ত্রী ব্যাখ্যা দিলেন আমরা কেবলই ভাবমূর্তি নষ্ট করছি।’