সিপিডির ২০ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠান হবে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ২০ বছর পূর্তিতে বছরব্যাপী বেশ কিছু বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে আছে পাবলিক লেকচার, আলোচনা অনুষ্ঠান ও সিপিডি অ্যালামনাইদের অংশগ্রহণে বিভিন্ন কর্মকাণ্ড।সিপিডির ট্রাস্টি বোর্ডের ৪০তম সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিষ্ঠানের সংলাপকক্ষে অনুষ্ঠিত সভায় সিপিডির ২০১২ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০১৩ সালের অর্ধবার্ষিক হিসাব এবং বিভিন্ন গবেষণা, সংলাপ ও প্রকাশনা কার্যক্রম ও বাজেট অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সামনে রেখে সিপিডি আগামী ২৫-২৭ অক্টোবর ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য নূরুল হক, কেদারপুর টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়লা রহমান কবীর, এপেক্স গ্রুপের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডির নির্বাহী পরিচালক ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান।এ ছাড়া সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত হিসেবে সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।