সিবিএ নির্বাচনকে কেন্দ্র করে মোংলা বন্দরে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ধরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ নির্বাচন হচ্ছে না। এ অবস্থায় নির্বাচনকে ঘিরে বন্দরের শ্রমিক-কর্মচারীরা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এতে বন্দর ভবন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, দুই বছর পরপর নির্বাচন দেওয়ার নিয়ম থাকলেও বর্তমান কমিটি রয়েছে পাঁচ বছরের বেশি সময় ধরে। সর্বশেষ ২০১১ সালের ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন সাইজুদ্দিন মিয়া সভাপতি ও আবু বক্কর সাধারণ সম্পাদক পরিষদ নির্বাচিত হয়। এর পর ২০১৩ সালে তিনবার নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও মামলার কারণে তা স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে ২০১৪ সালে আদালতের নির্দেশে নতুন ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়। কিন্তু বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমের সদস্যপদ বাতিল করাকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদকরণের কাজ বন্ধ হয়ে যায়।
সিবিএর সাধারণ সম্পাদক আবু বক্কর গত বছর চাকরি থেকে অবসর নেন। তাঁর পদটি এখন শূন্য আছে।
এদিকে সাধারণ সদস্যদের নামে গত ১৫ অক্টোবর সাধারণ সভা ডেকে সিবিএর ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে আলী হোসেনকে সভাপতি ও আজাদুল হককে সাধারণ সম্পাদক করা হয়। এতে নতুন ও পুরোনো কমিটির মধ্যে মতবিরোধ দেখা দেয়। তাই ১৬ অক্টোবর একপর্যায়ে সিবিএর মূল ফটকে চারটি তালা ঝুলিয়ে দেন নতুন কমিটির লোকজন। পরদিন সকালে সাইজুদ্দিন মিয়ার নেতৃত্বে পুরোনো কমিটির নেতারা তালা ভেঙে সিবিএ কার্যালয়ে প্রবেশ করেন। এতে উভয় পক্ষ মারমুখী অবস্থান নেয়। যে কারণে সিবিএর মূল ফটকে পুলিশ মোতায়েন করা হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাইজুদ্দিন মিয়া নিজেকে সংঘের সভাপতি দাবি করে প্রথম আলোকে বলেন, অবৈধভাবে নেতৃত্ব ছিনিয়ে নিতে প্রতিপক্ষ নির্বাচনবিহীন কমিটি ঘোষণা করেছে।
অন্যদিকে নতুন কমিটির সাধারণ সম্পাদক আজাদুল হক অভিযোগ করেন, কতিপয় ব্যক্তি দীর্ঘদিন সিবিএর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। তাঁদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
দুপক্ষ ১৮ অক্টোবর স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেকের কাছে উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন। সাংসদ এ বিষয়ে উভয়কে শান্ত থাকার পরামর্শ দেন ও শ্রম আদালতের নির্দেশনা মেনে চলতে বলেন।
যোগাযোগ করা হলে খুলনা শ্রম আদালতের যুগ্ম শ্রম পরিচালক মিজানুর রহমান বলেন, নির্বাচনের ব্যাপারে মামলা আছে। মামলা প্রত্যাহার হলেই নির্বাচন হবে।