রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকার-সমর্থক সিবিএর হাতে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা প্রহৃত হয়েছেন। এতে অন্তত ছয়জন আহত হন। আহত একজনের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ব্যাংকের মহাব্যবস্থাপক আবু আসাদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা যায়, সরকার-সমর্থক একদল কর্মকর্তা বেশ কিছুদিন ধরে অফিসার কল্যাণ সমিতি গঠনের চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু সিবিএর নেতারা তা হতে দিতে চান না। উভয় পক্ষই সরকার-সমর্থক। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতিঝিলের একটি রেস্তোরাঁয় বেশ কিছু কর্মকর্তা জড়ো হয়ে কল্যাণ সমিতি গঠনের আলোচনা করেন। সে সময় সিবিএর নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের সঙ্গে বচসা করেন এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হতে দেননি।
দুই দিন পর গতকাল রোববার কর্মকর্তারা সকালে অফিসে ঢোকার মুখে সিবিএর নেতা-কর্মীরা তাঁদের বিভিন্নভাবে উত্ত৵ক্ত ও গালাগাল করেন। পরে কয়েকজন কর্মকর্তা একত্রে অফিসে ঢুকতে গেলে তাঁদের ওপর আক্রমণ চালানো হয়।
আহত কর্মকর্তারা হলেন আল্লামা ইকবাল রানা, মো. ফরিদ আহমেদ, নেওয়াজ মোরশেদ, শওকত হোসেন, ইসমাইল হোসেন, শামসুল হক ইভান ও তরিকুল ইসলাম। তাঁরা সবাই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। তাঁদের মধ্যে আল্লামা ইকবালের অবস্থা গুরুতর হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান বিদেশে রয়েছেন। এ অবস্থায় ঘটনার পর ব্যাংকের পরিচালক ও আইনজীবী জাকির আহমেদ ব্যাংকে আসেন। তিনি ও ভারপ্রাপ্ত এমডি (ডিএমডি) খলিলুর রহমান শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বসে তদন্ত কমিটি গঠন করেন। জাকির আহমেদ সাংবাদিকদের বলেন, নেতৃত্বের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার জাহিদুল ইসলাম অবশ্য প্রথম আলোর কাছে দাবি করেছেন, এ হামলা পূর্বপরিকল্পিত। গতকাল সকালে তিনিসহ আরও কয়েকজন কর্মকর্তা অফিসে ঢোকার সময় সিবিএর নেতা মোশতাক আহমেদ ও কাবিল হোসেনের নেতৃত্বে কিছু কর্মচারী বাধা দেন। একপর্যায়ে তাঁরা তাঁদের ওপর হামলা চালান।
অন্যদিকে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোশতাক আহমেদ বলেন, গতকাল সকালে বক চত্বরে শ্রমিক লীগের হরতালবিরোধী সমাবেশ ছিল। তাঁরা সেখানে যোগ দেওয়ার জন্য রূপালী ব্যাংকের সামনে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রিন্সিপাল অফিসারদের একটি দল তাঁদের বলে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোথায় যাবেন? তাঁর দাবি, ওই কর্মকর্তারা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে সংগঠনের সাধারণ সম্পাদক কাবিল আহমেদ উত্তেজিত হয়ে পড়েন।
জানা গেছে, মহসিন-মহিউদ্দিন পরিষদ রূপালী ব্যাংক শ্রমিক ইউনিয়নের নির্বাচিত ট্রেড ইউনিয়ন (সিবিএ)। তবে মোশতাক-কাবিল পরিষদের দাবি, তারা আদালতের আদেশে সিবিএ হয়েছে। অন্যদিকে দীর্ঘ ১১ বছর ধরে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন হয় না। ৫১ সদস্যের অফিসার্স অ্যাসোসিয়েশনের কমিটিতে বর্তমানে মাত্র পাঁচজন ব্যাংকে কর্মরত আছেন। এ অবস্থায় কিছু কর্মকর্তা নির্বাচনের জন্য বেশ কিছুদিন ধরে সোচ্চার হন।