সিভিও থেকে পেট্রল ও ডিজেল কিনবে বিপিসি
সিভিও পেট্রোকেমিক্যাল সিলেট গ্যাসফিল্ড থেকে জ্বালানি তেলের কাঁচামাল কনডেনসেট সংগ্রহ করে নিজেদের কারখানায় তা পরিশোধনের মাধ্যমে পেট্রল ও ডিজেল উৎপাদন করবে। সেই পেট্রল-ডিজেলই বিক্রি করবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে। পরবর্তী সময়ে বিপিসি সারা দেশের খুচরা পর্যায়ে তা বিক্রি করবে। কনডেনসেট হলো গ্যাসফিল্ড থেকে নির্গত একধরনের তরল পদার্থ।
এ বিষয়ে গতকাল সোমবার বিপিসির সঙ্গে সিভিওর আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত
কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি প্রতিবছর ২৫ হাজার টন পেট্রল ও ডিজেল বিপিসির কাছে বিক্রি করবে।
রাজধানীর কারওয়ান বাজারে বিপিসির ঢাকা কার্যালয়ে এ অনুষ্ঠানে সংস্থার সচিব দীপক চক্রবর্ত্তী ও সিভিওর চেয়ারম্যান শামসুল আলম শামীম নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। তার আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সিভিওর প্রধান উপদেষ্টা ও সাংসদ মাঈন উদ্দিন খান বাদল, বিপিসির চেয়ারম্যান ইউনুছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ঠিক হয়েছে সিভিওর কাছ থেকে প্রতি লিটার ৮৫ টাকা দরে পেট্রল কিনবে বিপিসি।
আর বাজারে বিক্রি করা হবে ৯৪ টাকায়। তবে কত দরে ডিজেল কেনা হবে তা জানানো হয়নি।
এ বিষয়ে ইউনুছুর রহমান বলেন, দেশের বাজারে জ্বালানি তেলের দর স্থির থাকলেও আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই কমবেশি ওঠানামা করে। সেই দর অনুযায়ীই বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে পেট্রল-ডিজেল কেনা হয়।
বিপিসির চেয়ারম্যান আরও বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁরা এ ধরনের চুক্তি করেছেন। তবে দুই-তিনটি বড় প্রতিষ্ঠান ছাড়া বাকিরা খুবই ছোট। তিনি জানান, বর্তমানে বছরে ৫২ থেকে ৫৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদার বিপরীতে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠানের জোগান খুবই সামান্য।
সিভিওর উপব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসাইন বলেন, তাঁদের পরিশোধনাগারে বছরে ৫০ হাজার মেট্রিক টন কনডেনসেট শোধন করা যায়। এতে ২৫ হাজার মেট্রিন টন জ্বালানি তেল পাওয়া যায়। আর প্রতিদিনের উৎপাদন ১৫০ মেট্রিক টন।