সিম কার্ডে কর প্রত্যাহারের দাবি
আগামী অর্থবছরের বাজেটে সিম কার্ডের ওপর আরোপিত কর এবং ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের সুপারিশ করেছেন কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাতের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনা সভায় এসব সুপারিশ করা হয়। সভায় মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর জন্য আমদানিকৃত যন্ত্রাংশের ওপর আরোপিত শুল্ক কমানোর প্রস্তাবও করা হয়েছে। এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মাহবুব জামান, মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবির প্রতিনিধি জিয়াউর রহমান, সিটিসেল প্রতিনিধি আবু শাহিন, এয়ারটেল প্রতিনিধি মোস্তফা কামাল ও গ্রামীনফোন প্রতিনিধি মোহাম্মদ আবিদ, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফয়সল আলিম প্রমুখ। মোস্তফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এই খাতের সেবার ওপর থেকে আরোপিত কর প্রত্যাহার করতে হবে। ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ১৫ শতাংশ মূসক সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করেন তিনি। মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা আসন্ন বাজেটে মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানান। বর্তমানে মোবাইলের সিম কার্ডের ওপর ৮০০ টাকা কর ধার্য করা আছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ জানান, কর আদায় ছাড়া সরকারের আয়ের আর বড় কোনো খাত নেই। দাতাদের সহায়তার হারও কমছে। তাই রাজস্ব আয়ের বিষয়টি মাথায় রেখেই দাবিদাওয়া পেশ করতে হবে। সরকার যে রাজস্ব আয় করে, তা অবকাঠামো উন্নয়নসহ জনগণের স্বার্থে ব্যয় করে থাকে। এদিকে আরেকটি প্রাক-বাজেট আলোচনায় বিড়ি শিল্পকে কুটির শিল্পের আওতায় রাখার দাবি করা হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের স্বার্থে বিড়ির ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিড়ি মালিক সমিতির নেতারা। বিড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙ্গালীসহ উভয় সমিতির নেতারা উপস্থিত ছিলেন।