সিম কার্ডের কর অর্ধেক হলো
মোবাইল ফোনের সিম কার্ডের করের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা হলো। এখন থেকে প্রতি সিম কার্ডে ৩০০ টাকা কর দিতে হবে। এত দিন এই করের পরিমাণ ছিল ৬০০ টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত আদেশ জারি করেছে।
প্রসঙ্গত, সিম কার্ডের ওপর আরোপিত করের অর্থ মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো এনবিআরকে দেয়। গ্রাহককে সিম কার্ড কেনার সময় কোনো কর দিতে হয় না।
এ ছাড়া তৃতীয় প্রজন্মের লাইসেন্স (থ্রিজি লাইসেন্স) পেতে সরকারকে যে পরিমাণ অর্থ মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো দেবে, তার ওপর সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে। এত দিন ১৫ শতাংশ হারে মূসক আরোপের বিধান ছিল।
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) মহাসচিব টি আই এম নূরুল কবির। তিনি প্রথম আলোকে বলেন, টেলিযোগাযোগ খাতের বিস্তৃতিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে।
এর আগে গত ২৫ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিম বিক্রি ও থ্রিজি লাইসেন্স থেকে প্রাপ্ত রাজস্বের ওপর কর কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে।