সিম নিবন্ধনে বাড়তি অর্থ চায় খুচরা ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য বাড়তি টাকা চাচ্ছে এ কাজে সম্পৃক্ত খুচরা ব্যবসায়ীরা। বাড়তি টাকা আদায়ের যৌক্তিকতা তুলে ধরে রিটেইলাররা বলছে, এ পদ্ধতিতে একটি নিবন্ধন-প্রক্রিয়া শেষ করতে একজন ব্যবসায়ী বা রিটেইলারের ২০ থেকে ২৫ মিনিট সময় ব্যয় হয়। এর বিনিময়ে রিটেইলাররা পায় ১ টাকা ৮০ পয়সা। সময় বিবেচনায় এই অর্থ যৌক্তিকভাবে বাড়ানো দরকার।
তবে রিটেইলারদের এমন দাবি নাকচ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘সিম নিবন্ধনের এই কাজটি একজন রিটেইলারের স্বাভাবিক কাজের অংশ। এ জন্য তারা কোনোভাবেই বাড়তি টাকা চাইতে পারে না। মোবাইল অপারেটররা তাদের যে কমিশন দিচ্ছে, সেটি যথেষ্ট। এরপরও বাড়তি টাকা চাওয়া মানে সরকার ও জনগণকে জিম্মি করা। এই প্রশ্রয় রিটেইলারদের দেওয়া হবে না।’
উল্লেখ্য, সচিবালয়ে গত বৃহস্পতিবার মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তারানা হালিম সিম নিবন্ধনে বাড়তি টাকা আদায়কারী খুচরা ব্যবসায়ীদের (রিটেইলার) কালো তালিকাভুক্ত করে নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি দেন। রিটেইলারদের কালো তালিকাভুক্ত করার এমন সিদ্ধান্তে মোবাইল অপারেটররাও বৈঠকে একমত প্রকাশ করে।
বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা বলেন, ‘সারা দেশে প্রান্তিক পর্যায়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজটি রিটেইলারদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এর বিনিময়ে যে কমিশন আমরা পাচ্ছি, সেটা যথেষ্ট নয়। এই বিষয়ে কোনো আলোচনা না করেই এখন রিটেইলারদের নিবন্ধন বাতিলের যে কথা বলা হচ্ছে, সেটি পুনর্বিবেচনা করা উচিত।’
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর প্রথম আলোকে বলেন, প্রতিটি নিবন্ধনের জন্য নির্দিষ্ট কমিশনের বাইরে রিটেইলারদের বাড়তি প্রণোদনা ও আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। বায়োমেট্রিক যন্ত্র স্থাপন এবং এ বিষয়ে প্রশিক্ষণও তাদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এরপরও বাড়তি অর্থের যে দাবি রিটেইলাররা করছে, সেটি মোবাইল অপারেটররা অযৌক্তিক মনে করে।
একটি মোবাইল অপারেটরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১ টাকা ৮০ পয়সা হিসেবে ১৩ কোটি সিম নিবন্ধনের জন্য রিটেইলারদের প্রায় ২৫ কোটি টাকা দিতে হবে। এর সঙ্গে আছে বাড়তি প্রণোদনা ও আর্থিক সুবিধা। এত সুবিধার পরও গ্রাহকের কাছে বাড়তি অর্থ নেওয়ার ব্যাপারে তাদের একটু ভাবা উচিত।’
মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, বায়োমেট্রিক যন্ত্র কেনা ও স্থাপন, রিটেইলারদের প্রশিক্ষণসহ এ খাতে বড় অপারেটরদের ৮০ থেকে ১০০ কোটি টাকা খরচ করেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এসব বিষয় নিয়ে আজ মঙ্গলবার মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।