সিম পুনর্নিবন্ধন পর্যবেক্ষণে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পর্যবেক্ষণে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
আর সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গঠন করেছে তিনটি মোবাইল টিম। বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত এসব টিম কাজ করবে।
ঢাকায় সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার টেলিযোগাযোগ প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনটি মোবাইল টিম গঠনের তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী।
টিআরএনবির অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার বিভিন্ন গ্রাহককেন্দ্র ঘুরে সিম পুনর্নিবন্ধন কার্যক্রম দেখতে গিয়ে বায়োমেট্রিক যন্ত্রের অভাব ও গ্রাহক হয়রানির মতো নানা অনিয়ম আমার চোখে পড়েছে। তাই এসব অনিয়ম পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করা হয়েছে।’
কমিটির সদস্যরা হলেন বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী ও জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সেলের (এনটিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শায়েখউজ জামান। এই কমিটি সিম পুনর্নিবন্ধনে কোনো অনিয়ম খুঁজে পেলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে জরিমানা করতে পারবে বলে জানান প্রতিমন্ত্রী।
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের ক্ষেত্রে নতুন করে করারোপ করা হবে না বলে জানান তারানা হালিম। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অর্থমন্ত্রীকে বলেছি, সিম পুনর্নিবন্ধন ও প্রতিস্থাপনের মধ্যে পার্থক্য আছে। দুটো বিষয় নিয়ে তাঁরা বিভ্রান্ত ছিলেন, আমি বিষয়টি ব্যাখ্যা করেছি। এরপর অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন যে পুনর্নিবন্ধনের ক্ষেত্রে নতুন করে কর আরোপ করা হবে না।’
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে সারা দেশে নতুন সিম কেনার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়। আর চলতি মাসের ১ তারিখ থেকে আগে কেনা সিমের পুনর্নিবন্ধনও একই প্রক্রিয়ায় করা বাধ্যতামূলক।
২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন: ক্রেতাদের ২৫ থেকে ৩০ টাকার মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দেওয়া হবে। সবার জন্য স্মার্টফোন প্রাপ্তি সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে টিআরএনবির অনুষ্ঠানে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘দেড় থেকে দুই হাজার টাকায় কৃষক-মজুর থেকে শুরু করে সবার হাতে স্মার্ট মোবাইল ফোন পৌঁছে দিতে চাই।’ এ জন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে জানিয়ে তারানা বলেন, ওয়ালটন কোম্পানির সঙ্গে কথা হয়েছে। ২৫ থেকে ৩০ টাকার কিস্তিতে স্মার্টফোন দেওয়া সম্ভব বলে তারা জানিয়েছে।’
দেশে মুঠোফোনের চিপ উৎপাদনে টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসনের সঙ্গেও আলোচনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনের কথা বলেছে। এর ফলে দেশে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনি হ্যান্ডসেটের মূল্যও কমে আসবে।
টিআরএনবির ওয়েবসাইট: তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে টিআরএনবির ওয়েবসাইটটি সহায়তা করবে। এই ওয়েবসাইটে সরকারের তথ্য প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না।
অনুষ্ঠানে টিআরএনবির পক্ষ থেকে জানানো হয়, টেলিযোগাযোগ-সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ ও সেমিনারের তথ্য থাকবে এই ওয়েবসাইটে। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসিসহ এ খাতের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের লিংকও দেওয়া থাকবে।
টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।