সিমেন্ট তৈরির কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর নিয়ে ‘এমভি প্যাসিফিন চ্যাবু’ জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম বন্দরের আওতাধীন কুতুবদিয়া জলসীমায় পৌঁছে গত শুক্রবার। পণ্য খালাস শুরুর আগে কাস্টম হাউসে শুল্কায়ন করতে হয়। শুল্কায়নের নথিপত্র জমা দিতে গিয়ে আমদানিকারকেরা জানতে পারেন, চুনাপাথর আমদানিতে আগে যে ‘এইচএস’ বা পণ্যের শ্রেণীকরণ কোডে শুল্কায়ন হতো, সেটির বদলে এখন নতুন শ্রেণীকরণ কোডে শুল্কায়ন করতে হবে। নতুন শ্রেণীকরণ কোডে শুল্কায়ন হলে আগে ২৫ শতাংশের বদলে এখন ৫৫ শতাংশ শুল্ককর দিতে হবে।
এ নিয়ে বিরোধ দেখা দেওয়ায় শেষ পর্যন্ত আমদানিকারকেরা পণ্য খালাস করতে কাস্টমসের নির্দেশনা অনুযায়ী ব্যাংক গ্যারান্টি জমা দেন। এসব প্রক্রিয়া শেষ করে শুল্কায়ন করতে চার দিন সময় লেগে যায়। শুল্কায়নের পর গত মঙ্গলবার রাত থেকে পণ্য খালাস শুরু হয়। কাঁচামালবাহী এসব জাহাজ আগে বন্দর জলসীমায় আসার পরপরই দ্রুত শুল্কায়ন করে খালাস শুরু হতো।
এই জাহাজটির মতো তিন সপ্তাহ ধরে সিমেন্টের কাঁচামাল চুনাপাথর নিয়ে আসা প্রতিটি জাহাজের পণ্য শুল্কায়নে এখন কমবেশি তিন-চার দিন সময় লাগছে। সিমেন্ট কারখানার মালিকেরা বলেন, এ ধরনের বড় আকারের জাহাজের প্রতিদিনের ভাড়া কমবেশি ১০ হাজার মার্কিন ডলার। শুল্কায়নে দেরি হওয়ায় একেকটি জাহাজের এই ক্ষতিপূরণ গুনতে হবে। গতকাল বন্দরের তথ্যে দেখা যায়, প্যাসিফিন চ্যাবুসহ চার জাহাজে ১ লাখ ৭১ হাজার টন চুনাপাথর আমদানি হয়েছে।
এমভি প্যাসিফিন চ্যাবু জাহাজে চুনাপাথর আমদানি করেছে মেট্রোসেম গ্রুপের প্রতিষ্ঠান মেট্রোসেম সিমেন্ট লিমিটেডসহ পাঁচটি প্রতিষ্ঠান। মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সহসভাপতি মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, সিমেন্টের কাঁচামাল হিসেবে চুনাপাথর সব সময় ‘২৫২১০০০’ শ্রেণিতে শুল্কায়ন হতো। এখন এটি নুড়ি বা ভাঙা পাথর পণ্যের শ্রেণীকরণে (২৫১৭১০৯০) শুল্কায়ন করতে চায় কাস্টমস। এ নিয়ে এখন শুল্কায়নে দেরি হওয়ায় প্রতিটি জাহাজের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে শিল্পকারখানার মালিকদের।
সিমেন্ট প্রস্তুতকারক সমিতি সূত্র জানায়, সিমেন্ট তৈরিতে পাঁচ ধরনের কাঁচামাল আমদানি করেন তাঁরা। এই পাঁচটি হলো ক্লিংকার, জিপসাম, স্ল্যাগ, চুনাপাথর ও ফ্লাই অ্যাশ। এসব কাঁচামালের মধ্যে চুনাপাথরের ব্যবহার ১০ থেকে ১২ শতাংশ। সমিতি জানায়, আগে দেশীয় উৎস ও ভারত থেকে স্থলবন্দর দিয়ে চুনাপাথর আনা হলেও এখন চাহিদার প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হচ্ছে। বন্দর ও কাস্টমসের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে চুনাপাথর আমদানি হয় ১৪ লাখ ৬৩ হাজার টন। গত অর্থবছর একই সময়ে আমদানি হয়েছিল ৮ লাখ ২০ হাজার টন।
সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সিমেন্টের কাঁচামাল চুনাপাথর আর রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত ছোট নুড়ি বা ভাঙা পাথর দুটি ভিন্ন পণ্য। বিশ্বজুড়ে দুটি আলাদা পণ্য হিসেবে স্বীকৃত। এ নিয়ে আইনি জটিলতা না থাকা সত্ত্বেও তিন সপ্তাহ ধরে সিমেন্ট কারখানার মালিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান প্রথম আলোকে বলেন, চুনাপাথরের নামে কোনো কোনো চালানে ছোট ছোট পাথর আমদানি হয়েছে। ভাঙা পাথরের মতো যেগুলো আসে, সেগুলো চুনাপাথর হিসেবে নয়, ভিন্ন এইচএস কোডে শুল্কায়ন হবে। তবে এ নিয়ে শুল্কায়নে জটিলতা হওয়ার কথা নয় জানিয়ে যুগ্ম কমিশনারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে কাস্টমসের যুগ্ম কমিশনার রেজাউল হক গতকাল প্রথম আলোকে বলেন, চুনাপাথর ও নুড়িপাথরের শ্রেণীকরণ নিয়ে অস্পষ্টতা রয়েছে। এ জন্য রাজস্ব বোর্ডের কাছে সিদ্ধান্ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরই জটিলতার অবসান হবে।