সিমের তথ্য সংরক্ষণে চালু হচ্ছে কেন্দ্রীয় তথ্যভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নতুন সিম বিক্রিতে বৃহস্পতিবার রাত থেকে ১৮ ঘণ্টা সমস্যা হতে পারে

মুঠোফোন সিমের তথ্য সংরক্ষণ ও যাচাই-বাছাইয়ের জন্য কেন্দ্রীয় তথ্যভান্ডার চালু করা হচ্ছে আজ বৃহস্পতিবার। ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম’ নামের এই তথ্যভান্ডারে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সব সিমের তথ্য জমা থাকবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই তথ্যভান্ডার পরিচালনা করবে।

সচিবালয়ে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, বায়োমেট্রিক সিম নিবন্ধন প্রক্রিয়াকে নিশ্ছিদ্র করার পদক্ষেপ হিসেবে এই তথ্যভান্ডার চালু করা হচ্ছে। এই তথ্যভান্ডারে সব মুঠোফোন অপারেটর যুক্ত হয়েছে। ৩০ মে পর্যন্ত নিবন্ধিত সিমের তথ্য এই তথ্যভান্ডারে যুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে কেউ সিম কিনতে চাইলে তথ্যভান্ডার যাচাই করে দেখবে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে আগে কতটি সিম নিবন্ধিত আছে। যাচাইয়ে যদি দেখা যায়, একটি এনআইডির বিপরীতে ২০টি প্রিপেইড ও ৫টির বেশি পোস্টপেইড সিম আছে, তাহলে নতুন করে কোনো সিম কেনা যাবে না। মুঠোফোন অপারেটররা বিটিআরসির তথ্যভান্ডারের সিদ্ধান্ত অনুযায়ী একটি সিম যাচাই ও নিবন্ধন করবে।

এই ব্যবস্থার সুবিধা সম্পর্কে জানানো হয়, প্রতিটি এনআইডির বিপরীতে সব অপারেটর মিলিয়ে একজন গ্রাহকের কয়টি সিম রয়েছে, তা সহজে বের করা যাবে। মুঠোফোন সংযোগের প্রকৃত সংখ্যা এর মাধ্যমে সহজে জানা যাবে। কোনো নিবন্ধিত সিমের তথ্য নিয়ে সন্দেহ হলে বিটিআরসি তা যাচাই করে নিতে পারবে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক এমদাদ উল বারী জানান, এই ব্যবস্থা চালু হলে দেখা যাবে, একটি এনআইডির বিপরীতে ২০টির বেশি সিম আছে কি না। প্রত্যেক গ্রাহককে তথ্য দেওয়া হবে, ২০টির বেশি সিম থাকলে বাকি সিমগুলো বন্ধ করতে হবে। গ্রাহক না করলে বিটিআরসি নিজ উদ্যোগে সেসব সিম বন্ধ করে দেবে। গত ৩০ মে পর্যন্ত ১৩ কোটি ৩১ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে, শুক্রবারের পরে সব সিম বিক্রির অনলাইন রেকর্ড থাকবে। এর ফলে তাৎক্ষণিকভাবে জানা যাবে, কোন এনআইডির বিপরীতে কোন অপারেটর কতগুলো সিম বিক্রি করছে।

তথ্যভান্ডার চালুর কারণে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা পর্যন্ত বিঘ্নিত হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর কারণ সম্পর্কে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে তথ্যভান্ডারে সিম নিবন্ধনের তথ্য স্থানান্তরের কাজ শুরু হবে। এতে সময় লাগবে ১৮ ঘণ্টা। রাতে সাধারণত সিম বিক্রি হয় না। আর শুক্রবার সকালে সবচেয়ে কম সিম বিক্রি হয়, নতুন সিম বিক্রিতে কোথাও কোথাও ব্যাঘাত ঘটতে পারে। তবে তা দুপুরের পর ঠিক হয়ে যাবে।

বিটিআরসির পক্ষ থেকে সিম বিক্রির সমস্যার বিষয়টি মুঠোফোন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। রবি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র ইকরাম কবীর প্রথম আলোকে বলেন, যে সময়ে সিম বিক্রি বন্ধ রাখার কথা বলা হয়েছে, তখন সাধারণত কোনো সিম বিক্রি হয় না। এতে গ্রাহকদের কোনো সমস্যা হবে না।

২০১৫ সালের ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়। গত বছরের ৩১ মে এই প্রক্রিয়ায় সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।