সিরাজগঞ্জ চেম্বারের নির্বাচন বর্জনের হুমকি এক প্যানেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ চেম্বারের নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি প্যানেল। তাদের অভিযোগ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সালিসি ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে নির্বাচন অনুষ্ঠানের তারিখ অপরিবর্তিত রেখেছে নির্বাচন বোর্ড। সিরাজগঞ্জ শহরের খলিফাপট্টিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মো. ইসাহাক আলীর নেতৃত্বাধীন প্যানেল এ হুমকি দেয়।অন্যদিকে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণে এফবিসিসিআই থেকে একজন পর্যবেক্ষক পাঠাতে গতকালই এফবিসিসিআইয়ের সভাপতিকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।সিরাজগঞ্জ চেম্বারের নির্বাচনে বর্তমান সভাপতি সৈয়দ আবদুর রউফ ও ইসহাক আলীর নেতৃত্বে দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে।সংবাদ সম্মেলনে ইসহাক আলী অভিযোগ করেন, ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। বিষয়টি নির্বাচন বোর্ডের নজরে আনা হলেও বোর্ড তা আমলে নেয়নি। পরে সালিসি ট্রাইবুনালে অভিযোগ করলে ট্রাইব্যুনাল ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়। কিন্তু তা আমলে না নিয়ে একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা চলছে।নির্বাচন স্থগিত রেখে সালিসি ট্রাইব্যুনালের আদেশ অনুয়ায়ী ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় এই প্যানেল। তা না করা হলে নির্বাচন বর্জন ও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন প্যানেলের প্রার্থীরা।সংবাদ সম্মেলনে প্রার্থীদের মধ্যে সোহরাব আলী, সাজিরুল ইসলাম, মিলন হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।পর্যবেক্ষক পাঠাতে চিঠি: এদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এফবিসিসিআইয়ের সভাপতিকে দেওয়া চিঠিতে বলা হয়, ১ ডিসেম্বর অনুষ্ঠেয় সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন সার্বক্ষণিক পর্যবেক্ষণে একজন পর্যবেক্ষক নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি সৈয়দ আবদুর রউফ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল বারী জানান, মঙ্গলবার তিনি সালিসি ট্রাইব্যুনালের চিঠি পেয়েছেন। এর আলোকে নির্বাচন বোর্ড আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে।