সিরাজগঞ্জ চেম্বারের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন পরিচালনায় গঠিত বোর্ডের বিরুদ্ধে ভোটার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। একজন সভাপতি পদপ্রার্থীসহ কয়েকজন এ বিষয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সালিসি (আর্বিট্রেশন) ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছেন।ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবারের মধ্যে অভিযোগের জবাব দিতে সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি, নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ডকে নির্দেশ দিয়েছে। ফলে আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে।নির্বাচনে চেম্বারের বর্তমান সভাপতি সৈয়দ আবদুর রউফ ও সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীর নেতৃত্বে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ইসহাক আলীসহ নয়জন জ্যেষ্ঠ সদস্যের করা অভিযোগে বলা হয়, নির্বাচনী বোর্ডের সঙ্গে যোগসাজশ করে বর্তমান কার্যকরী পর্ষদ বাণিজ্য সংগঠনের বিধিমালা, ১৯৯৪ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশের তোয়াক্কা না করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তা গোপন রাখে। হালনাগাদ ট্রেড লাইসেন্স ও টিআইএন গ্রহণের মাধ্যমে সদস্যপদ দেওয়া ও ভোটার তালিকা প্রণয়নের নিয়ম থাকলেও তা মানা হয়নি। তফসিল অনুযায়ী ২০ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও তা করা হয় ৩০ অক্টোবর।অভিযোগে একাধিক সদস্যকে একই টিআইএন দিয়ে তালিকাভুক্তির প্রমাণও দাখিল করা হয়। যেমন: ভোটার তালিকার ৩১ নম্বর পাতায় আলহাজ আবদুল হাই ও আলহাজ মো. সাইফুল ইসলামকে একই টিআইএন নম্বর (৪৬৭-১০৩-৭২৭১) দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। ৩১ নম্বর পাতায় মৃত শাহজাহান আলী সরকারকে তালিকাভুক্ত করা হয়েছে। এ দুটি পাতায় ক্রমিক নম্বর ৩৫৫ থেকে ৩৫৮ পর্যন্ত দুবার লেখা হয়েছে।বর্তমানে চেম্বারের সদস্য এক হাজার ৮৩ জন। প্রথম প্রকাশিত তালিকায় সব সদস্যকে ভোটার করা হলেও পরের তালিকায় করা হয় এক হাজার ৪৯ জনকে। একাধিক ভোটার ও প্রার্থী জানান, সদস্যদের বেশির ভাগেরই সব কাগজপত্র ঠিক থাকে না। কারও ট্রেড লাইসেন্স ও টিআইএনের মেয়াদ উত্তীর্ণ হতে পারে। এ ক্ষেত্রে তিনি অবশ্যই ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। গত বছর চেম্বারের ৬৬০ জন সদস্য থাকলেও ভোটারের সংখ্যা ছিল ৩০২ জন। ইসহাক আলীর অভিযোগ, ‘নির্বাচনী বোর্ড জেনেশুনেই এ কাজগুলো করেছে। তারা প্রার্থীদের আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমরা প্রশাসক নিয়োগের দাবি করছি।’সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি সৈয়দ আবদুর রউফ বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়েই নতুন করে সদস্যপদ দেওয়া হয়েছে। হয়তো দু-একজনের টিআইএন সনদ বা ট্রেড লাইসেন্স ভুয়া থাকতে পারে।’নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল বারী বলেন, ‘সঠিক কাগজপত্র না থাকায় এবং টিআইএন সনদে ত্রুটির কারণে ৩৪ জনকে বাদ দিয়ে সংশোধিত ভোটার তালিকা নির্ধারিত সময়েই প্রকাশ করা হয়েছে। কারও অভিযোগ থাকলে তফসিলে বর্ণিত তারিখের মধ্যে দেওয়া উচিত ছিল। তাঁরা তা করেননি। সংশোধিত ভোটারদের নিয়েই ভোট গ্রহণ হবে।’সালিসি ট্রাইব্যুনালের নোটিশের লিখিত জবাবও দিয়েছেন বলে জানান তিনি।