সিরাজগঞ্জের সয়দাবাদে এ মাসে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
‘সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন পিকিং পাওয়ার প্ল্যান্ট’ নামক বিদ্যুৎকেন্দ্রটি চলতি মাসের শেষদিকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। তবে এর আগে ১৫ অক্টোবর এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘গ্যাস সরবরাহ সঠিকভাবে পাওয়া গেলে এ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মাত্র দুই টাকা ৪০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে পারবে।’ প্রকল্পটি থেকে নির্গত ফ্লু গ্যাস দিয়ে আরও একটি ৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন স্টিম টারবাইন কেন্দ্র চলবে বলে তিনি উল্লেখ করেন।খোরশেদুল আলম আরও জানান, পূর্ণোদ্যমে চালু হলে এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এখানে পর্যায়ক্রমে কয়েকটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেগুলোর মোট উৎপাদনক্ষমতা হবে ৯০০ মেগাওয়াট। তখন উত্তরাঞ্চলে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকার ও এডিবির যৌথ অর্থায়নে প্রায় ৮০০ কোটি টাকায় ১০ একর জমির ওপর কেন্দ্রটি গড়ে তোলা হয়। পিডিবির আওতায় সরকারি প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি গ্যাস ও ডিজেল উভয় ধরনের জ্বালানিতে (ডুয়েল ফুয়েল) চলবে।বিগত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া একই জায়গায় একটি ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও পরে সেটি আর আলোর মুখ দেখেনি।এদিকে সরেজমিনে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রমের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎবিষয়ক শাখার মহাপরিচালক পবনকুমার চৌধুরী ও পরিচালক শহিদুল ইসলাম সম্প্রতি সয়দাবাদ আসেন। এ সময় প্রকল্পটির পরিচালক এ টি এম জাহাঙ্গীর আলম, প্রস্তাবিত ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবু আহম্মেদ আকতার হোসেন, উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান, ব্যবস্থাপক হারুনুর রশীদ, উপানন্দ কুমার বিশ্বাস, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ওয়াং সিন ও মালয়েশিয়ান পরামর্শক ও তা হং উপস্থিত ছিলেন।