সিরামিক পণ্য উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানের বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের দৈনন্দিন কাজে ব্যবহূত সিরামিকের তৈজসপত্র, টাইলস কিংবা সেনিটারির যেকোনো পণ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে দেশীয় প্রতিষ্ঠান। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবছরই উৎপাদন-সক্ষমতা বাড়ছে। একসময় আমদানিনির্ভর এসব পণ্য এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও বিপুল পরিমাণে রপ্তানি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, সিরামিক পণ্য উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের পণ্যসামগ্রী তৈরি করছে। বৈচিত্র্যময়তায়ও পিছিয়ে নেই। এখন স্থানীয় চাহিদার ৮০ থেকে ৯০ শতাংশই পূরণে সক্ষম। এ কারণে আমদানি হ্রাস পাওয়ায় বছরে প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রার অপচয় রোধ হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সিরামিক পণ্য রপ্তানি করে গত চার বছরে প্রতিবারই তিন কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে বাংলাদেশ। গত অর্থবছর খাতটি থেকে তিন কোটি ৩৭ লাখ ডলার রপ্তানি আয় হয়, যা তার আগের বছরের তিন কোটি ৭৫ লাখ ডলারের চেয়ে ১০ দশমিক ১৯ কম। ২০০৯-১০ অর্থবছরে আয় হয় তিন কোটি সাত লাখ ডলার। এই আয় তার আগের অর্থবছরের তিন কোটি ১১ লাখ ডলারের চেয়ে ১ দশমিক ২৫ শতাংশ কম। চলতি ২০১২-১৩ অর্থবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার কোটি ডলার। এর মধ্যে প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই-নভেম্বর সময়ে এক কোটি ৫২ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে। জানা যায়, স্বাধীনতা-পরবর্তীকালে বিদেশ থেকে সিরামিক পণ্য আমদানি করে দেশের চাহিদা মেটানো হতো। তখন চীন, ইতালিসহ বিভিন্ন দেশ থেকেই এসব পণ্য আসত। পরে আশির দশকে দেশের উদ্যোক্তারা সিরামিক পণ্য উৎপাদনে এগিয়ে আসেন। ২০০০ সালের দিকে এ খাতে মোটামুটি বিপ্লব ঘটে যায়। উন্নতমানের সিরামিক পণ্য উৎপাদন করে মুন্নু, শাইনপুকুর, পিপলস, আরএকে, সিবিসি, ফার, স্ট্যান্ডার্ড, বেঙ্গল ফাইন সিরামিকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে প্রায় ৫০টির বেশি দেশে বাংলাদেশের সিরামিক পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে। এর মধ্যে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ইতালি অন্যতম। বাংলাদেশ সিরামিক পণ্য প্রস্তুতকারী সমিতি (বিসিডব্লিউএমএ) জানায়, সিরামিক শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৪৭টি প্রতিষ্ঠান তৈজসপত্র, টাইলস ও সেনেটারি পণ্যসামগ্রী উৎপাদন করছে। এ খাতের স্থানীয় বাজারের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা। আর শিল্পটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় লক্ষাধিক মানুষ জড়িত। সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছর দেশীয় প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ৫০ হাজার মেট্রিক টন সিরামিকের তৈজসপত্র, ছয় কোটি ৪০ লাখ বর্গমিটার টাইলস ও ২১ হাজার ৯০০ মেট্রিক টন সেনিটারি পণ্য উৎপাদন করে। এর মধ্যে সিরামিকের তৈজসপত্র উৎপাদনের শীর্ষে থাকা শাইনপুকুর তিন কোটি ও মুন্নু দুই কোটি ৪০ লাখ পিস তৈরি করে। টাইলস উৎপাদনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএকে ও আকিজ উৎপাদন করে যথাক্রমে এক কোটি ২০ লাখ ও এক কোটি ১০ লাখ বর্গমিটার। আর সেনেটারি পণ্যসামগ্রী প্রস্তুত করে সর্বোচ্চ আরএকে ছয় হাজার ও ফাহিম সেনেটারি চার হাজার ৫০০ মেট্রিক টন। বিসিডব্লিউএমএর দাবি অনুযায়ী, গতবার রপ্তানি ছাড়া শুধু স্থানীয় বাজারেই দেড় হাজার কোটি টাকার এই পণ্যসামগ্রী বিক্রি হয়েছে। এতে মূল্য সংযোজনের পরিমাণ প্রায় ৬৫ শতাংশ। জানা গেছে, সিরামিকশিল্পের কাঁচামাল আমদানিনির্ভর। তবে টাইলসের জন্য মাটি ও সিলিকা বালু যথাক্রমে ময়মনসিংহ ও সিলেট থেকে পাওয়া যায়। তৈজসপত্র উৎপাদনের জন্য প্রয়োজন হয় বিশেষ মাটি, যা আনতে হয় ভারত ও চীন থেকে। একাধিক উদ্যোক্তা জানান, উৎপাদন-পর্যায়ে ২০ শতাংশ শুল্ক দিতে হয়। এ জন্য কাঁচামাল আমদানিনির্ভর দেশের সিরামিক পণ্যের দাম বহুলাংশে বেড়ে যায়। এতে অসম প্রতিযোগিতায় পড়তে হচ্ছে তাঁদের। এই সুযোগে চীনের তৈরি কম দামি পণ্য দেশের বাজারে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, অসাধু কিছু ব্যবসায়ী আন্ডার ইন ভয়েসের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সিরামিক পণ্য আনছেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী গত অর্থবছর প্রায় ৯৩৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে সিরামিকের তৈজসপত্র, পাইরেক্স তৈজসপত্র, টাইলস ও সেনেটারি পণ্য আমদানি করা হয়েছে। এতে সরকার যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশীয় উদ্যোক্তারাও সংকটে পড়ছেন। বিসিডব্লিউএমএর সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সিরামিকশিল্পটি পুরোটাই গ্যাসনির্ভর। কিন্তু বর্তমানে গ্যাসের সংকটের কারণে উৎপাদনকাজ ব্যাহত হচ্ছে। তাই সরকারের উচিত অগ্রাধিকার ভিত্তিতে সম্ভাবনাময় খাতটিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। সারা বিশ্বে সিরামিকের তৈজসপত্র, টাইলস ও সেনেটারি পণ্যের প্রায় দুই হাজার কোটি ডলারের বাজার আছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র শূন্য দশমিক ১৭ শতাংশ জোগান দেয়। একজন উদ্যোক্তা বলেন, সরকার ইতিবাচক ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এলে রপ্তানি আয় বর্তমানের চেয়ে বহুগুণ বাড়ানো সম্ভব।