সিলেট চেম্বারে নতুন প্রশাসক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বারে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসান এবার দায়িত্বভার নিয়েছেন।আবুল হাসান গতকাল বুধবার বিদায়ী প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার সিলেট চেম্বারের প্রশাসক হিসেবে ফারুক মাহমুদ চৌধুরীর নিয়োগ বাতিল করে এবং তাঁর স্থলে আবুল হাসানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তানকিন হক সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে হাইকোর্ট থেকে প্রদত্ত আদেশের আলোকে সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর নিয়োগ বাতিল করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসানকে নিয়োগ করা হলো।প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োজিত প্রশাসক সিলেট চেম্বারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ পত্র প্রাপ্তির ১৫০ দিনের মধ্যে বিধিমোতাবেক নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে তা মন্ত্রণালয়কে অবহিত করবেন।সিলেট চেম্বারের সদস্য-ব্যবসায়ীদের একাংশের দায়েরকৃত রিটের পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে সিলেট চেম্বারের নতুন প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আদেশ দেন। হাইকোর্টের ওই আদেশের আলোকেই বাণিজ্য মন্ত্রণালয় নতুন প্রশাসক নিয়োগ দেয়।