ফেব্রুয়ারিতে দেশ ও বিদেশের ব্যবসায়ীদের নিয়ে মিলনমেলা
সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন

সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সের ৫০ বছর পূর্তির উদ্যাপনে দেশ ও বিদেশের ব্যবসায়ীদের মিলনমেলার আয়োজন করা হবে। এতে সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে শীর্ষ ব্যবসায়ীদের মতামতও নেওয়া হবে।
নতুন বছরের অর্থাৎ ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীদের এই মিলনমেলার দিনক্ষণ নির্ধারণ করা হবে। গত রোববার ৫০ বছর পূর্তির ‘লোগো’ আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে সিলেট চেম্বারের নেতারা এ কথা জানান।
সিলেট নগরের জেলরোড এলাকার চেম্বার ভবনের সম্মেলনকক্ষে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেট চেম্বার শীর্ষ সংগঠন ছাড়াও ৫০ বছরের ব্যবসার ঐতিহ্য বহন করছে। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ১৯৬৬ সালে প্রতিষ্ঠা করা এ সংগঠন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রাণের সংগঠনে রূপ নিয়েছে। ৫০ বছরের দীর্ঘ পথচলায় রয়েছে অসামান্য অর্জনও। ব্যবসায়ীদের মিলনমেলার মধ্য দিয়ে এ অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
৫০ বছর পূর্তি উদ্যাপনে গঠিত উপকমিটির আহ্বায়ক খন্দকার সিপার আহমদ নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীদের মিলনমেলার কথা জানিয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, মিলনমেলায় প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ভারতের সেভেন সিস্টারখ্যাত উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসায়ী ও সংগঠনকেও আমন্ত্রণ জানানো হবে।
চেম্বার সভাপতি ও ৫০ বছর পূর্তি উদ্যাপনের আহ্বায়কের বক্তব্যের পরই লোগো উন্মোচন করা হয়। সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘরের সঙ্গে চা-শিল্পের সবুজ পাতা যুক্ত করে দৃষ্টিনন্দন লোগো ব্যবসায় প্রসারের প্রতীক হিসেবে অভিহিত করা হয়।
লোগো উন্মোচেনর পরে ৫০ বছর উদ্যাপনের কেক কাটা হয়। এরপর পর্যায়ক্রমে সিলেট চেম্বারের সাবেক সভাপতি এম এ মুমিন, এম এ ছালাম চৌধুরী; সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাহ্ আলম, মঞ্জুর আহমদ, হাজি মো. দিলওয়ার হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী এবং বর্তমান সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, পর্যটন কেন্দ্র এক্সেলসিয়র সিলেটের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে সিলেট চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।