সিলেট টেক্সটাইল মিল বিক্রির উদ্যোগ
সরকারি মালিকানাধীন সিলেট টেক্সটাইল মিল অবশেষে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে গতকাল এক সভায় বেসরকারীকরণ কমিশনের সদস্য মোহাম্মদ গোলাম কুদ্দুস এ তথ্য জানান।
বেসরকারীকরণ কমিশন ও সিলেট চেম্বার যৌথভাবে সভাটির আয়োজন করে। সভায় চেম্বারের প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এ জেড এম নূরুল হক সভাপতিত্ব করেন।
সভায় সিলেট টেক্সটাইল মিলের সম্পদ, দায়দেনা ও দরপত্রের বিভিন্ন শর্তাবলির ওপর একটি প্রতিবেদন পেশ করেন বেসরকারীকরণ কমিশনের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সিলেট টেক্সটাইল মিলের জমির পরিমাণ ২৮.৮১ একর ও স্থায়ী সম্পদের বর্তমান মূল্য প্রায় ২৬৬ কোটি তিন লাখ ৩০ হাজার টাকা।
তবে দরদাতাকে মোট দৃশ্যমান সম্পদ বাবদ ২৬৬ কোটি ১৩ লাখ ২৬ হাজার টাকার দরপত্র দাখিল করতে হবে। দরপত্রের শর্তাবলিতে আরও বলা আছে, মিলের জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে আবাসন প্রকল্প তৈরি বা আবাসন প্রকল্পের জন্য বিক্রি করা যাবে না।
প্রতিবেদনমতে, কারখানাটির মোট দেনার পরিমাণ আট লাখ ৩৯৫ টাকা, যা সরকার পরিশোধ করবে বলে উল্ল্লেখ করা হয়।
সভায় সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, চেম্বারের সাবেক সভাপতি এম এ ছালাম চৌধুরী ও সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হান্নান চৌধুরী, সালাহ্উদ্দিন আলী আহমদ, নাসিম হোসেইন, আতিকুর রহমান, সাবেক পরিচালক মো. আবুল ফজল, লায়েছ উদ্দিন, আবু তাহের মো. শোয়েব, এজাজ আহমদ চৌধুরী, এনামুল কুদ্দুছ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। ব্যবসায়ীরা দরপত্রের শর্তসমূহ শিথিল করার দাবি জানান।