সিলেট থেকে উত্তরাঞ্চলে উন্নতমানের সার আসছে
দিনাজপুরের পার্বতীপুরে নতুন ধরনের ইউরিয়া সারের সরবরাহ শুরু করেছে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। গতকাল বৃহস্পতিবার সকালে ২৪ ওয়াগনের একটি মালবাহী ট্রেনে করে সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা থেকে প্রায় ৮১৬ মেট্রিক টন ইউরিয়া সার দিনাজপুরের পার্বতীপুর বাফার গুদামে সরবরাহ করা হয়েছে।
এই গুদাম থেকে প্রথম পর্যায়ে দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দর, নীলফামারী জেলা সদর, সৈয়দপুর, ডোমার, জলঢাকা, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলায় ৯৭ জন ডিলারের মাধ্যমে এই সার সরবরাহ করা হবে। পরে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে রংপুর বিভাগের ৮টি জেলায় ৬৬৮ ডিলারের মাধ্যমে সার কৃষকের কাছে যাবে। এমনটাই জানালেন পার্বতীপুর বাফার গুদামের উপব্যবস্থাপক (বাণিজ্য) মো. শাহজাহান।
বিসিআইসির রংপুর ও রাজশাহী বিভাগীয় ইউরিয়া সার মনিটরিং কর্মকর্তা শামীম আকতার প্রথম আলোকে জানান, দেশে এই প্রথম এত উন্নতমানের ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। এ সারের বৈশিষ্ট্য প্রতিটি দানা ফরমাল ডিহাইডের আবরণযুক্ত। ফলে ফসলের চাহিদা অনুযায়ী ব্যবহৃত হওয়ার পর যা অবশিষ্ট থাকে তা বাতাসে মিলিয়ে না গিয়ে মাটির নিচে সংরক্ষিত থাকে। এটি পরবর্তী ফসলের চাহিদা পূরণে কাজ করে। এতে নাইট্রোজেনের পরিমাণ সর্বোচ্চ ৪৬ দশমিক ১ শতাংশ, শতভাগ বিশুদ্ধ ও ফরমাল ডিহাইডের আবরণযুক্ত হওয়ায় অপচয় রোধ হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, সিলেটের কারখানায় সার উৎপাদন শুরুর পরপরই রেলপথে দিনাজপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, দেশে ইউরিয়ার বার্ষিক চাহিদা ২৬ লাখ ৭৫ হাজার মেট্রিক টন। এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ লাখ ৪২ হাজার মেট্রিক টন। ফলে এ কারখানা চাহিদার প্রায় ২৫ শতাংশ পূরণ করতে পারবে।