অবশেষে পূরণ হলো সিলেটবাসীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ ১৪৭ জন যাত্রী নিয়ে গতকাল সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় l ছবি: প্রথম আলো
ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ ১৪৭ জন যাত্রী নিয়ে গতকাল সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় l ছবি: প্রথম আলো

সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দুবাইগামী ফ্লাইট চালুর। বহু প্রতীক্ষিত সেই দাবি অবশেষে পূরণ হলো। গতকাল বুধবার বেলা ২টা ৫৮ মিনিটে ১৪৭ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইট সরাসরি সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে ৫টা ৪০ মিনিটে ফিরতি ফ্লাইটে ১৬৯ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে বিমানটি রওনা দেয়।

উদ্বোধনী ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ স্থানীয় রাজনৈতিক নেতারা। এরপর বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দুবাইগামী সরাসরি ফ্লাইট চালু করার। তাই এ ক্ষণটি এখানকার মানুষের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এ ছাড়া কিছুদিনের মধ্যে সিলেটের বিমানবন্দরটির পরিসর বড় করতে বাস্তবায়নের কাজ শুরু হবে। আধুনিকায়নসহ বাড়ানো হবে নানা সুবিধা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এহসানুল গণি চৌধুরী, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা এম ফজলে আকবর এবং ফ্লাই দুবাইয়ের কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট সুধীর সি ধারান। এর আগে নৃত্যশিল্পী বিপুল শর্মার পরিচালনায় ‘ছন্দ নৃত্যালয়’-এর শিল্পীরা ফুলের পাপড়ি ছিটিয়ে উদ্বোধনী ফ্লাইটে আসা বিমানযাত্রীদের স্বাগত জানান।

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, রিজেন্ট এয়ারওয়েজের সঙ্গে কোড শেয়ার করে দুবাই-সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু করছে ফ্লাই দুবাই। বর্তমান বিশ্বে অ্যাভিয়েশন শিল্পে এ ধরনের কোড শেয়ারব্যবস্থা বেশ কার্যকর হলেও বাংলাদেশে এই প্রথম দেশি-বিদেশি দুটি বিমান সংস্থা এই ব্যবস্থায় রুট পরিচালনায় সম্পৃক্ত হয়েছে। পরিচালন পারমিট ও কোড, বিমানবন্দর স্লট এবং গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকবে রিজেন্ট এয়ারওয়েজ। অন্যদিকে ফ্লাইট পরিচালনা, টিকিটিং, সেলস-মার্কেটিংসহ পুরো দায়িত্ব থাকবে ফ্লাই দুবাইয়ের।

আগামী তিন মাস সপ্তাহে পাঁচ দিন দুবাই-সিলেট-দুবাই রুটে বিমান চলাচল করলেও পরবর্তী সময়ে সাত দিনই বিমান চলাচল করবে বলে আয়োজকেরা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।