সিলেটে অর্থনৈতিক অঞ্চলের কাজ এ বছরেই শুরু হবে
সিলেটকে একটি আধুনিক শিল্পনগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘সিলেট হবে শিল্পনগর। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে।’
আর এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ এ বছরই শুরু হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, সিলেটকে বিনিয়োগবান্ধব করে তুলতে একই সঙ্গে যোগাযোগব্যবস্থারও উন্নয়ন করা হবে।
সিলেট নগরের একটি রেস্তোরাঁয় ‘সিলেট অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। জার্মানভিত্তিক সংস্থা ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) সহযোগিতায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) গতকাল বুধবার সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে অর্থমন্ত্রী বলেন, সিলেটে বিনিয়োগের অবাধ সুযোগ সুবিধা রয়েছে। ৩৩ শতাংশ জমি খালি পড়ে আছে। ইচ্ছে করলে যে কেউ বিনিয়োগ করতে পারেন। এতে তাঁরা সরকারের তরফ থেকেও সুযোগ-সুবিধা পাবেন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নারীদের জন্যও বিনিয়োগের সুযোগ রাখা হবে।
উপস্থিত ব্যবসায়ীদের দেওয়া বিভিন্ন প্রস্তাব ও প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, রেল ও মহাসড়কের উন্নয়ন আবশ্যক। তবে বিমানবন্দরে কার্গো ইয়ার্ডের অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ঢাকা-সিলেট সড়ক যোগাযোগের উন্নয়ন করা উচিত। সিলেটের শেরপুর পর্যন্ত দুই লেন আবার কোথাও ছয় লেন করা যেতে পারে।
মূল প্রবন্ধে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন সিলেট জেলায় অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় খাত ও কিছু প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন। মাধবপুর-রশিদপুরকে একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ঘোষণার আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সিলেটের শেরপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। সড়ক ও বিমানের যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস ও পানির প্রাপ্যতাসহ উন্নত অবকাঠামো সুবিধার কারণে এই অঞ্চলে সহজেই প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা সম্ভব। এটি বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার লোকের কর্মসংস্থান সম্ভব হবে।
সেমিনারে এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রধান নজরুল ইসলাম বক্তব্য দেন।
পাঁচ তারকা হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন: সিলেটে প্রথমবারের মতো কোনো পাঁচ তারকা হোটেল হতে যাচ্ছে। ‘হিলসাইড এক্সেলসিওর’ নামের হোটেলটির গতকাল ভিত্তিপ্রস্তর করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই এটি নির্মাণ করা হচ্ছে। হোটেলটি গড়ে তুলছেন হিলসাইড অ্যাপার্টমেন্টসের চেয়ারম্যান হাছিন আহমদ।