সিলেটে আরও ৩০ হাজার করদাতা বাড়ানো হবে
সিলেটে তালিকাভুক্ত করদাতা ৯০ হাজার হলেও নিয়মিত কর দেন মাত্র ৩০ হাজার। যে কারণে এই অর্থবছরে সিলেটে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পাঁচ কোটি টাকা কমিয়ে ১৮০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরে ছিল ১৮৫ কোটি টাকা। তাই সিলেটে করদাতার সংখ্যা আরও ৩০ হাজার বাড়ানো হবে।ব্যবসায়ীদের কর দিতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কর অঞ্চল সিলেটের কমিশনার এম এ জব্বার এ তথ্য জানান। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও কর অঞ্চল সিলেট গত বুধবার এ সভার আয়োজন করে। চেম্বার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী।সভায় আরও বক্তব্য দেন যুগ্ম কর কমিশনার আবুল কালাম ও প্রতিমা সরকার, উপ-কর কমিশনার সাহেনা আক্তার, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হান্নান চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য এ কে আহাদুস সামাদ, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি তুরন মিয়া ও সিলেট কর আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ আবুল ফজল।এ ছাড়া সিলেট চেম্বারের সদস্য এম এ সাত্তার, শফি আহমদ চৌধুরী, মধু মিয়া, আবদুল মুয়িদ চৌধুরী, এইচ এম তফাদার রুহেল ও কয়সর আলী এবং স্থানীয় মার্কেটগুলোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন।