সিলেটে এক দিনে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের খুচরা বাজারগুলোতে গতকাল রোববার প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। আগের দিন আদার কেজি ছিল ৬০ টাকা। এক দিনেই কেজিতে দাম বাড়ে ২০ টাকা। কারণ হিসেবে কালীঘাটের আড়তদারেরা অবশ্য চাহিদার চেয়ে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করেন।রোববার সরেজমিনে কালীঘাট, বন্দরবাজার, কাজীরবাজার, রিকাবিবাজার ও আম্বরখানা এলাকা ঘুরে খুচরা দোকানে প্রতি কেজি দেশি রসুন ৪৫ টাকা, বিদেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা, ছোলা ৮৫, শুকনা মরিচ ১১০ থেকে ১৫০, দেশি পেঁয়াজ ১৭, বিদেশি পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা, আলু ২১, দেশি মসুর (ছোট দানা) ডাল ১১২ থেকে ১২০ টাকা, মোটা দানা মসুর ৬২ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।নগরের পাইকারি ও খুচরা পণ্যের বড় বাজার কালীঘাট থেকে বন্দরবাজারের দূরত্ব বড়জোর ১০০ গজ। তবে প্রায় প্রতিটি পণ্যের দামের ক্ষেত্রেই দুই বাজারে এক থেকে দুই টাকা পার্থক্য দেখা গেছে।আদার দাম ২০ টাকা বেড়ে যাওয়ার বিষয়ে কালীঘাটের আরিফ ট্রেডার্সের ব্যবস্থাপক রুহেল আহমদ জানান, কালীঘাটে আদার কেজি শনিবারও ৫৫ টাকা ছিল। অন্য বাজারে আদা ৮০ টাকা বিক্রি হচ্ছে শুনে তাঁরা ‘দামের সমন্বয়’ করেছেন।বাজার ঘুরে দেখা যায়, সিলেটে প্রতি কেজি দেশি রসুন ৪৫ ও আমদানি করা চীনা রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। চীনা রসুনের দাম বেশি হওয়ার পরও কেন দেশিটা কিনছেন না—জানতে চাইলে মেজরটিলা এলাকার গৃহিণী উম্মে ফারিহা বলেন, ‘দেশি রসুনে কোষ কম। তাই রাঁধতে ঝামেলা হয়। আর চীনা রসুন বড়। কাটতে ঝামেলা হয় না। সে কারণে বেশি দাম দিয়ে চীনা রসুন কিনি।’কালীহাটের বিক্রেতা অপু রঞ্জন সাহা বিক্রির জন্য শনিবার ৪০ কেজি করে দেশি ও চীনা রসুন এনেছিলেন। দুই দিনেই ৩৫ কেজি চীনা রসুন বিক্রি হয়ে গেছে। আর দেশি রসুন বিক্রি হয়েছে মাত্র এক কেজি। তিনি বলেন, বিদেশি রসুনের প্রতি ক্রেতাদের চাহিদা বেশি।রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খুচরা ব্যবসায়ীদের ১০ শতাংশের বেশি মুনাফা না করতে বাণিজ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে কালীঘাটসহ সিলেট নগরের চারটি বাজারের বেশির ভাগ ব্যবসায়ী সে বিষয়ে জানেন না।বিষয়টি সম্পর্কে অবগত নয় সিলেট জেলা প্রশাসনও। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান বলেন, এ-সংক্রান্ত নির্দেশনা পেলে সে আলোকে বাজারে নজরদারি করা হবে।