সিলেটে কর আদায় লক্ষ্যমাত্রা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০১১-১২ অর্থবছরে সিলেটে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় হয়েছে। তবে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলে তেমন অগ্রগতি হয়নি। খবর বাসসের।সিলেট কর অফিস সূত্র জানায়, প্রায় ৮০ হাজার কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী আয়কর বিবরণী দাখিল করেননি। জানা গেছে, গত অর্থবছর সিলেট কর অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮১ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২৮৪ কোটি ৯৬ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় চার কোটি টাকা বেশি। অন্যদিকে ২০১০-১১ অর্থবছরে এ অঞ্চলের লক্ষ্যমাত্রা ছিল ১৮৫ কোটি টাকা। তার বিপরীতে আদায় হয়েছিল ১৭৮ কোটি ৮৬ লাখ টাকা। সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবদুল মালেক বাসসকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রেকর্ড পরিমাণ কর আদায়ের পাশাপাশি গত অর্থবছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কর প্রদান বৃদ্ধির ব্যাপারে সিলেট কর অঞ্চলের ডেপুটি কমিশনার (ট্যাক্সেস) সাহেনা আক্তার বলেন, সিলেট কর অঞ্চলে প্রতি সপ্তাহের মঙ্গলবার অফিসে ‘মিট দ্য ট্যাক্স পেয়ার্স ডে’ চালু করা হয়েছে। এর মাধ্যমে করদাতাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কর কার্যালয় সূত্রে আরও জানা যায়, সিলেট কর অঞ্চলে চারটি অফিস ছাড়াও সার্কেল অফিস নয়টি থেকে ২২টি করা হয়েছে। তবে জনবলসংকট একটি প্রধান বাধা। এখনো জনবল বৃদ্ধির কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।মো. আবদুল মালেক আরও জানান, ১৫ সেপ্টেম্বর জাতীয় কর দিবস উদ্যাপনের লক্ষ্যে কর বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কর কমিশনার। তিনি বলেন, ওই দিন বিভাগের সেরা ২৫ জন করদাতাকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট স্টেডিয়ামে মোহামঞ্চদ আলী জিমনেসিয়ামে সাত দিনব্যাপী আয়করবিষয়ক মেলা অনুষ্ঠিত হবে।