সিলেটে কর প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের দাবি
সিলেটে এক মতবিনিময় সভায় বক্তারা কর কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এখানে একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা উচিত বলে মত দিয়েছেন।স্থানীয় কর কমিশনারের কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন। সিলেট কর অঞ্চলের কমিশনার সোয়ায়েব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত কর কমিশনার আবু হান্নান দেলওয়ার, মো. নুরুজ্জামান খান, সাহেনা আক্তার, শান্ত কুমার সিংহ, মো. আইয়ুব আলী, গোবিন্দ চন্দ্র দাস, বিধান চন্দ্র দেবনাথ, স্বপন কুমার বড়ুয়া প্রমুখ।মো. আনোয়ার হোসেন জানান, সমাজের বিত্তশালীদের কাছ থেকে কর আদায়ের পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে তাঁদের অংশগ্রহণ বাড়াতে রাজস্ব বিভাগ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করতে পারে। সোয়ায়েব আহমেদ বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন দেশে আয়কর বিষয়ে যে পরিবর্তন হচ্ছে তা বাংলাদেশেরও গ্রহণ করা উচিত।