সিলেটে জ্বালানি তেলের সংকট
সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিলেটে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। মজুদের অপ্রতুলতা দেখিয়ে সিলেটের জ্বালানি তেল বিতরণ ও বিপণন প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার রাত থেকে স্বাভাবিক সরবরাহ বন্ধ রাখায় এ সংকট দেখা দিয়েছে। এ সংকটের কারণে কোথাও কোথাও পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।জানা গেছে, বাংলদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন যমুনা ও পদ্মা অয়েল কোম্পানি দুটো গাড়ির মাধ্যমে সিলেটে জ্বালানি তেল সরবরাহ করে থাকে। কিন্তু গত বৃহস্পতিবার সকালবেলা চট্টগ্রামে মালবাহী রেলের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি থাকায় ওই গাড়ি আজ রোববার সিলেট এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা জানান।এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস অ্যান্ড ডিস্ট্রিবিউটরস এজেন্ট পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানান, রেলইঞ্জিন বিকল হয়েছে সকালবেলা। কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় তেল পরিবহন করলে এ সংকট কাটানো সম্ভব হতো। রোববারের আগে জ্বালানি তেল সরবরাহ সম্ভব হচ্ছে না শুনে কোথাও সরবরাহজনিত সংকট, আবার কোথাও কৃত্রিম সংকট দেখা দিয়েছে। সিলেটে বিপিসির দায়িত্বে থাকা পদ্মা অয়েল কোম্পানির বিভাগীয় বিপণন কর্মকর্তা মো. ফখরুদ্দিন সংকটের কথা স্বীকার করেন।