সিলেটে তিন দিনের পর্যটন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে তিন দিনের পর্যটন মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। নগরীর শাহজালাল উপশহরের রোজ ভিউ হোটেলে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
‘সিলেট ট্রাভেল মার্ট-২০১৫’ শিরোনামে এই মেলার আয়োজন করেছে পর্যটনবিষয়ক ইংরেজি পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর। এ নিয়ে দ্বিতীয়বার সিলেটে এমন মেলার আয়োজন করল প্রতিষ্ঠানটি।
মেলা উদ্বোধনকালে ইকবাল সোবহান চৌধুরী বলেন, এশিয়ার মধ্যে পর্যটনে অনেক এগিয়ে বাংলাদেশ। প্রতিবছর অসংখ্য বিদেশি বাংলাদেশের পর্যটন কেন্দ্রের আকর্ষণে ছুটে আসেন। একটি গোষ্ঠী এই খাতকে বাধাগ্রস্ত করতে চায় বলেই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। কিন্তু এসব করে এ খাতকে বাধাগ্রস্ত করা যাবে না।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।
মেলার অংশ হিসেবে ‘বাংলাদেশে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশে রোমাঞ্চকর পর্যটন (অ্যাডভেঞ্চার ট্যুরিজম) প্রসারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দিন দিন এ ধরনের পর্যটনের প্রতি পর্যটকদের আগ্রহ বেড়েই চলেছে।
দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় বেঙ্গল ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, বিশ্বব্যাপী অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রতি আগ্রহ বাড়ছে এবং বর্তমানে বিশ্ব পর্যটনে এর অংশ ২৬ শতাংশ। সাধারণ পর্যটনের বার্ষিক প্রবৃদ্ধি যেখানে ৪ শতাংশ, সেখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বাড়ছে ১৪ শতাংশ হারে। তিনি দেশে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের যেসব সুযোগ-সুবিধা রয়েছে তা দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরার আহ্বান জানান।
সেমিনারে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমও উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
করে দেওয়া হয়। শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।
আয়োজকেরা জানান, পর্যটন মেলা চলাকালে মূল্যছাড়ে বিমানের টিকিট ও হোটেলের কক্ষ বুকিং দেওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ভ্রমণ প্যাকেজেও ছাড় পাবেন দর্শনার্থীরা। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে এয়ারলাইন ক্লাব অব সিলেট।