সিলেটে নতুন সার কারখানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন একটি ইউরিয়া সার কারখানা স্থাপিত হবে। পাঁচ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়সংবলিত এ প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। শাহজালাল ফার্টিলাইজার নামে অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়নে চীন সরকার ও চীনের এক্সিম ব্যাংক প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশ (তিন হাজার ৯৮৬ কোটি টাকা) জোগান দেবে। এই ঋণের বার্ষিক সুদের হার দুই শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধযোগ্য। বাকি অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে। ২০১২ সালের জানুয়ারি মাস থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হবে ২০১৫ সালের মধ্যে। ৫০ বছরেরও পুরোনো ফেঞ্চুগঞ্জের সার কারখানার যন্ত্রপাতি পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় এটি বন্ধ করে এর জায়গায় শাহজালাল ফার্টিলাইজার নামে নতুন এ সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়। এ কারখানা থেকে দৈনিক ১৭৬০ টন সার পাওয়া যাবে। এতে প্রায় ৬৫০ জন লোকের কর্মসংস্থান হবে। সভায় ৯১ কোটি টাকা ব্যয়সাপেক্ষ সিলেট গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প অনুমোদন করা হয়। বাপেক্সের কারিগরি দক্ষতা বাড়াতে আরেকটি প্রকল্পের সংশোধন করা হয়েছে যা বাস্তবায়ন হলে চট্টগ্রাম এলাকায় গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি কমবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩২৩ কোটি টাকা।উল্লিখিত প্রকল্পগুলোসহ গতকালের একনেক সভায় ছয় হাজার ৯৯২ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে দুই হাজার ৯৮৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে, বাকি চার হাজার নয় কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো: ৬৯ কোটি টাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প; ১৫৫ কোটি টাকার বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবা-কার্যক্রম ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়ন (সংশোধিত) প্রকল্প; ৩৮ কোটি টাকার বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প; ১৬৪ কোটি টাকার সংসদ সচিবালয়ের কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প এবং ৭৪৩ কোটি টাকার আশুগঞ্জ-বাখরাবাদ লাইনের গ্যাস সঞ্চালন ক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্প।