সিলেটে ব্যবসা স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফলংয়ে চলে না এখন নৌকা l প্রথম আলো
জাফলংয়ে চলে না এখন নৌকা l প্রথম আলো

সিলেটের জাফলং, জৈন্তা রাজবাড়ি, নীল জলের নদীখ্যাত লালাখাল, শাহজালাল ও শাহপরান মাজার, সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর, মৌলভীবাজারের দৃষ্টিনন্দন একাধিক চা-বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত ও হাকালুকি হাওরের মতো স্থানে এ সময় প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণ থাকে। এবার তার ১ শতাংশ পর্যটকও নেই।
টানা অবরোধ-হরতালে সিলেটের দর্শনীয় স্থানগুলো এখন প্রায় পর্যটকশূন্য। হোটেল-রেস্তোরাঁসহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের অনেকে গত ২০ দিনে হিসাবের খাতাও খুলতে পারেননি। সব মিলিয়ে সিলেটের পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে চরম স্থবিরতা দেখা গেছে।
সিলেটের হোটেল অ্যান্ড গেস্টহাউস ওনার্স গ্রুপের সাধারণ সম্পাদক তাহমিন আহমদ বলেন, টানা হরতাল-অবরোধে সিলেট বিভাগে কেবল আবাসিক হোটেল ও গেস্টহাউসগুলোর প্রতিদিন ক্ষতির পরিমাণ দুই থেকে আড়াই কোটি টাকা।
পূর্ব জিন্দাবাজার এলাকার ‘গোল্ডেন সিটি’-এর মহাব্যবস্থাপক মৃদুল কান্তি দত্ত জানান, তাঁদের হোটেলের অর্ধশতাধিক কক্ষের মধ্যে এখন প্রতিদিন মাত্র চার থেকে পাঁচটি কক্ষ ভাড়া যাচ্ছে।
জাফলং এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী আরমান মিয়া বলেন, টানা অবরোধে জাফলং পর্যটকশূন্য হয়ে পড়ায় রেস্তোরাঁগুলোর মালিকেরা প্রতিদিনই লোকসান দিচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শাহাজালাল মাজার ও শাহপরান মাজারে দর্শনার্থীদের উপস্থিতি একেবারেই কমে গেছে। পর্যটন-সংশ্লিষ্টরা বলছেন, হরতাল-অবরোধের কারণে পর্যটনকেন্দ্রিক অনেক ভাসমান ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।