সিলেটে মণিপুরি কাপড়ের দোকানে প্রচণ্ড ভিড়
ঈদ উপলক্ষে বিভাগীয় শহর সিলেটের লামাবাজার এলাকার ঐতিহ্যবাহী মণিপুরি কাপড়ের দোকানে এখন মানুষের প্রচণ্ড ভিড়। বিক্রেতারা জানান, দাম কম হওয়ার পাশাপাশি কাপড়ে ও রঙে বৈচিত্র্য থাকায় এবারে মণিপুরি পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেড়েছে।সরেজমিনে জানা যায়, লামাবাজারে অর্ধশতাধিক মণিপুরি পোশাক ও কাপড়ের দোকান রয়েছে। এসব দোকানে শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, চাদর, বিছানার চাদর, ছোটদের পোশাক এবং নানা ধরনের কাপড় বিক্রি হচ্ছে।গতকাল নগরের শাপলাবাগের গৃহিণী ইশরাত জাহান বলেন, ‘সিলেটের ঐতিহ্যের সঙ্গে মণিপুরি কাপড় জড়িয়ে রয়েছে। তাই এখানে কেনাকাটা করতে এসেছি।’নগরের ঝালোপাড়া এলাকার বাসিন্দা লাভলী বেগমও বলেন, ‘মণিপুরি কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশ কম। তাই এসব পোশাক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের হাতের নাগালে রয়েছে বলা যায়।’বিক্রেতারা জানান, তাঁরা মণিপুরি শাড়ি ৬০০ থেকে ২০০০ টাকা, থ্রিপিস ৭০০ থেকে ১৫০০ টাকা, ফতুয়া ৬০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করছেন। একটি মণিপুরি কাপড়ের দোকানের বিক্রেতা সত্যজিৎ সিংহ জানান, এবারে বেচাকেনা বেশ ভালো হচ্ছে।