সিলেটে মধ্যরাতেও জমজমাট ঈদবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের বাজার। ছবিটি সম্প্রতি নগরের বন্দরবাজার এলাকার একটি বিপণিবিতান থেকে তোলা l প্রথম আলো
সিলেটে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের বাজার। ছবিটি সম্প্রতি নগরের বন্দরবাজার এলাকার একটি বিপণিবিতান থেকে তোলা l প্রথম আলো

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার চৌরাস্তার মোড়। বুধবার রাত ১২টা। আশপাশের আধা কিলোমিটারজুড়ে তীব্র যানজট। সেই সঙ্গে হাজারো মানুষ গিজগিজ করছে। পাশের বিপণিবিতানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে এই অবস্থা চলছে এক সপ্তাহ ধরে।
সরেজমিনে দেখা গেছে, বিপণিবিতানগুলোতে ঈদের বিকিকিনি জমজমাট। ভিড় বাড়ে দুপুর থেকে। তবে তারাবির নামাজের পরপরই মূলত ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি হয়। গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। কোনো কোনো বিপণিবিতানে আবার সাহরির আগ পর্যন্ত নারী, পুরুষ, শিশু, বয়স্ক থেকে শুরু করে তরুণ-তরুণীদের ভিড়ও চোখে পড়েছে। বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতেও ছিল প্রায় একই অবস্থা।
বিক্রেতারা বলেন, মূলত নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বারুতখানা, নয়াসড়ক, কুমারপাড়া এলাকায় ক্রেতাদের ভিড় বেশি ছিল। নগরের লামাবাজার এলাকার ষড়ঋতু নামের দেশীয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, কয়েক বছর ধরে সিলেটে দেশীয় ব্র্যান্ডের পোশাকের বেচাকেনা বেড়েছে।
জিন্দাবাজার এলাকায় স্লোগান নামের বুটিক হাউসের স্বত্বাধিকারী উজ্জ্বল চক্রবর্তী বলেন, সিলেটে ছোট-বড় কয়েক শ বুটিক হাউস ও টি-শার্টের দোকান রয়েছে। ঈদ কিংবা কোনো উৎসবকে কেন্দ্র করেই মূলত এসব দোকানে বেচাকেনা বেশি হয়।
একই এলাকার ব্লু-ওয়াটার শপিং সিটিতে গতকাল কেনাকাটা করার সময় কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠী তামান্না ইসলাম ও জিন্নাত পারভীনের সঙ্গে। তাঁরা বলেন, এবারের ঈদে বজরঙ্গি ভাইজান নামের একধরনের লেহেঙ্গা নতুন এসেছে। তাঁদের অনেক বান্ধবী এ পোশাক কিনেছেন। তাঁরা দুজনেও কিনতে এসেছেন।
সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী বলেন, ঈদ ঘনিয়ে আসায় পাল্লা দিয়ে বাড়ছে বেচাবিক্রি। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রেতাদের রয়েছে সমান ব্যস্ততা। এবারের বেচাকেনা বেশ ভালোই হবে বলে মনে হচ্ছে।