সিলেটে মেট্রোপলিটন চেম্বারের যাত্রা শুরু
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীর পর এবার সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) নামে নতুন বাণিজ্য সংগঠন যাত্রা শুরু করেছে।বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার সিলেটভিত্তিক নতুন এই ব্যবসায়িক সংগঠনকে অনুমোদন দেয়। এখন নিবন্ধন পরিদপ্তরে নিবন্ধিত হওয়ার ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার শর্তে এই অনুমোদন দেওয়া হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিলেট এমসিসিআইয়ের ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে তৌফিক রহমান চৌধুরী সভাপতি, হাসিন আহমদ ও আফজাল রশীদ চৌধুরী সহসভাপতি হয়েছেন।পরিচালকেরা হলেন সিলেটের সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী, মোহাম্মদ মাহমুদ বক্স, মোহাম্মদ আবদুল জব্বার, শফিউল আলম চৌধুরী, দিদার আহমেদ, খায়রুল হোসেন, তাহমিন আহমদ, মোহাম্মদ হুরায়রা ইফতার হোসেন, কাজী মকবুল হোসেন, খলিলুর রহমান, কাফিলুর রহমান, সোমাত নূরী চৌধুরী, অনুপ কুমার দেব, রেজাউল হাসান, জিয়াউল গণি আরেফিন, মুনতাসির আলী, মোয়াম্মির হোসাইন চৌধুরী, মুহিতুল বারী রহমান।