সিলেটে যাতায়াত বিড়ম্বনা ঘুচলই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পুটিছড়া এলাকার ঘন অরণ্যে তীব্র স্রোতের জলধারা দেখতে ছুটে আসেন পর্যটক। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পুটিছড়া এলাকার ঘন অরণ্যে তীব্র স্রোতের জলধারা দেখতে ছুটে আসেন পর্যটক। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল, বিছনাকান্দি, জাফলং—এসব নাম এখন দেশের পর্যটকদের কাছে একেবারেই পরিচিত। কয়েক বছর ধরে ঈদের ছুটিতে নিয়মিতভাবে এসব পর্যটন স্পটে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা। এবারের ঈদের ছুটিতেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন স্থানীয় লোকজন। তবে এ তিনটি পর্যটনকেন্দ্রে যাওয়ার সড়কগুলো একেবারেই বেহাল হয়ে পড়ায় এবারও পর্যটকদের পোহাতে হবে তীব্র ভোগান্তি।

স্থানীয় লোকজন বলেন, দুই বছর ধরে এসব স্থানে যাওয়ার সড়কগুলো ভাঙাচোরা ও খানাখন্দে ভরপুর। কোথাও কোথাও খানাখন্দ কয়েক ফুট পর্যন্ত গভীর। চলতি মৌসুমে টানা বৃষ্টিপাতে এসব সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে যান চলাচলের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা।

তবে জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আগে এসব রাস্তাঘাট জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, সিলেটে অসংখ্য নান্দনিক পর্যটন স্পট রয়েছে। সেখানে প্রতিদিনই হাজারো পর্যটক আসছেন। তবে স্থানীয় প্রশাসনের যথাযথ উদ্যোগ ও রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো পর্যটকদের আগ্রহ কমাবে। তাই প্রশাসনের উচিত পর্যটকদের আগ্রহ হারানোর আগে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া।

জেলা প্রশাসন জানিয়েছে, রাতারগুল, বিছনাকান্দি, জাফলং ছাড়াও সিলেট জেলায় পর্যটকদের ভ্রমণ-উপযোগী অসংখ্য স্থান রয়েছে। এর মধ্যে নগরের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার, টিলাগড় ইকোপার্ক, খাদিমনগর উদ্যান, গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণে শ্রীচৈতন্য মহাপ্রভুর পৈতৃক বাড়ি, গোয়াইনঘাট উপজেলার শ্রীপুর, পান্তুমাই জলপ্রপাত, জৈন্তাপুর উপজেলার প্রাচীন রাজবাড়ি, নীলপানির নদ খ্যাত লালাখাল, কানাইঘাট উপজেলার লোভাছড়া, ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওর দেখতেও পর্যটকেরা নিয়মিত ভিড় করেন।

এ ছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত বিথঙ্গল আখড়া, চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-ক্যালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য, বাহুবলে অবস্থিত দি প্যালেস রিসোর্ট; মৌলভীবাজারের চা-বাগান, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক, বড়লেখার মাধবকুণ্ড, সদরের রাঙাউটি ও দুসাই রিসোর্ট, শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, ধরমপাশার সুখাইর জমিদার বাড়ি, সদরের ডলুরা স্মৃতিসৌধ, গৌরারং জমিদার বাড়িও পর্যটকদের কাছে বেশ প্রিয়।

হোটেল ব্যবসায়ী বলেন, সাম্প্রতিক পাহাড়ধসের কারণে অনেকেই এবারে রাঙামাটির পরিবর্তে  সিলেটে বেড়াতে আসবেন। সিলেট হোটেল অ্যান্ড গেস্টহাউস ওনার্স গ্রুপের কার্যকরী সদস্য মুকির হোসেন চৌধুরী জানান, ইতিমধ্যে প্রচুর পর্যটক হোটেল-গেস্টহাউস-রিসোর্টে বুকিং দিয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগেই ভাঙাচোরা রাস্তাগুলো জরুরিভাবে সংস্কারের নির্দেশনা সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে। আশা করছি, এতে করে পর্যটকদের পথচলা সুগম হবে।’

সড়ক সংস্কারে উদ্যোগ প্রসঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, পর্যটন স্পটগুলোতে যাওয়ার যেসব সড়ক সওজের অধীনে রয়েছে, সব কটিতেই জরুরি সংস্কারকাজ ঈদের আগেই শেষ হবে।

এদিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেটের প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।