সিলেটে রাত ১২টা পর্যন্ত চলে ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় শহর সিলেটে এখন রাত ১২টা পর্যন্ত ঈদের কেনাবেচা চলছে। বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে দিনরাত ব্যাপক ক্রেতা সমাগম লক্ষ করা যাচ্ছে। নগরের জিন্দাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় অবস্থিত আল-হামরা শপিং সিটি, মিলেনিয়াম, সিটি সেন্টার, সিলেট প্লাজা, মাহা, মনোরম, শী ও আড়ং—এসব অভিজাত বিপণিবিতান ও মার্কেটে গভীর রাতেও কেনাকাটা চলছে।নগরের বিপণিবিতান ও মার্কেটগুলোতে গিয়ে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা নানা রকম চেষ্টা করছেন। ঈদ উপলক্ষে কেউ মূল্যছাড় দিচ্ছেন, কেউ আবার লাকি কুপন ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের জন্য ভালো ভালো পুরস্কারেরও ব্যবস্থা রেখেছেন।তবে এবারের ঈদ উপলক্ষে বিক্রেতারা পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্যের দাম বেশি হাঁকাচ্ছেন বলে ক্রেতাদের অভিযোগ। বন্দরবাজারে সালেহ উদ্দিন নামে একজন ক্রেতা বলেন, এক বছরের ব্যবধানে দামের এত তারতম্য মেনে নেওয়া যায় না। জিন্দাবাজারের একটি বিপণিবিতানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আঞ্জুমান আরা এবং গৃহিণী শাহিনা আক্তারও একইভাবে দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে নয়াসড়কের একটি বুটিক ও ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী রাসেল মিয়া বলেন, ‘দেশের সামপ্রতিক পরিস্থিতিতে সবকিছুর দাম বেড়েই চলছে। গত বছর আমরা যেটা ১০০ টাকায় কিনেছি, এ বছর সেই একই জিনিস আমাদের ১২৫ টাকায় কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে দাম বাড়িয়েছি। এ ছাড়া আমাদের আর কিছু করার ছিল না।’ এবারের ঈদে তরুণদের পোশাকের পাশাপাশি বাজারে আসা নতুন সেলফোন, এমপিথ্রি, পেনড্রাইভ, এয়ারফোন, কম্পিউটারের ছোটখাটো যন্ত্রপাতিসহ ইলেকট্রনিক্স যন্ত্রপাতিও কিনতে দেখা যাচ্ছে। সিলেট এমসি কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিন বলেন, ‘এটা ডিজিটাল যুগ! তাই হাতে টাকা এলেই কম্পিউটারসহ ইলেকট্রনিক্সসামগ্রী কেনার দিকে আমাদের আগ্রহ বেশি।’ ব্যবসায়ীরা জানান, অন্যবারের চেয়ে এবার দেশীয় পণ্যের বিক্রি বেশি। জিন্দাবাজার এলাকার রাজা ম্যানসনের ফ্যাশন হাউস ‘রঙের বাড়ই’-এর স্বত্বাধিকারী রয়েল পাল জানান, তরুণদের মধ্যে নিত্যউপহার, দাঁড়কাক, স্বপ্নবাজ, তারা মার্কা, বাঙাল, পঙিতসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসগুলোর টি-শার্ট, ফতুয়ার চাহিদা বেশি। এদিকে নগরের ফুটপাতগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে। নিম্নআয়ের লোকজন ভিড় করছেন ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে। ঠেলাগাড়িচালক মহিউদ্দিন বলেন, ‘এখানেও (ফুটপাত) কাপড়ের দাম বেশি। গতবার এই কাপড়ের দাম আরও কম ছিল।’