সিলেটের মানুষেরা এখন মুঠোফোন কোম্পানি সিটিসেলের ইন্টারনেট সেবা ‘জুম আলট্রা’ উপভোগ করতে পারবেন। নগরের একটি রেস্তোরাঁয় ইতিমধ্যে ‘জুম আলট্রা’ নামের এই ইন্টারনেট সেবার উদ্বোধন করা হয়েছে। এদিকে আজ সোমবার থেকে সিলেটের জিন্দাবাজারের শ্যামলী কমিউনিটি সেন্টারে সিটিসেলের তিন দিনব্যাপী ‘জুম আলট্রা’ শীর্ষক মেলা শুরু হচ্ছে।সিলেটে ‘জুম আলট্রা’ ইন্টারনেট সেবার উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। এতে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা ডেভিড লি, উপমহাব্যবস্থাপক (কনজ্যুমার বিজনেস) মোহাম্মদ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, জুম আলট্রা প্যাকেজ চার হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে রয়েছে ৬০০ টাকা পর্যন্ত বিনা মূল্যে ডাটা ব্যবহারের সুযোগ। এ ছাড়া জুম আলট্রায় ১৫০ কেবি পিএস থেকে ৫১২ কেবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড রয়েছে।জুম আলট্রা মেলা: সিলেটে প্রথমবারের মতো আজ থেকে সিটিসেল জুম আলট্রা মেলা শুরু হচ্ছে। সিটিসেলের কর্মকর্তারা জানান, মেলায় আকর্ষণীয় মূল্যে জুম আলট্রা বিক্রি করা হবে। সেই সঙ্গে থাকছে বিভিন্ন রকমের উপহারসামগ্রী ও আনন্দ আয়োজন।