সিলেটে ১১ জানুয়ারি থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি খাতে বিরাজমান সমস্যার নিরসন ও দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি তিনটি বিপণন কোম্পানির ডিপো থেকে সিলেট বিভাগের পেট্রল পাম্প মালিক ও পরিবেশকেরা তেল উত্তোলন করবেন না।বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখা গত মঙ্গলবার রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।সিলেট শহরের কুমারগাঁওয়ে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিনটি বিপণন কোম্পানির সিলেট ডিপো প্রতিদিনই ডিলার-পরিবেশকদের জ্বালানি তেল সরবরাহে হিমশিম খাচ্ছে। এর ওপর ডিপো কর্মকর্তাদের অবহেলা ও গাফিলতি তো আছেই। সভায় সংগঠনের সভাপতি মো. মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। এতে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুকন উদ্দিন ও মো. ফয়জুল ইসলাম, কোষাধ্যক্ষ সিরাজুল হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আখতার ফারুক, প্রচার সম্পাদক মো. হুমায়ুন আহমদ প্রমুখ বক্তব্য দেন। সভায় পরিস্থিতির উন্নতি না ঘটলে ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য তেল বিপিসির তিনটি ডিপো থেকে উত্তোলন বন্ধ রাখার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।