সিলেটের তিনটি স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের চাতলাপুরসহ সিলেটের তিনটি স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ ধরে ভারতে মাছ রপ্তানি বন্ধ রয়েছে।স্থানীয় রপ্তানিকারকেরা জানান, তাঁদের মাছ রপ্তানি না করার জন্য ভারতের কাস্টম কর্তৃপক্ষ মৌখিক নির্দেশনা দিয়েছে। তবে চাতলাপুর স্থলবন্দরের কর্মকর্তারা বলছেন, ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত কাগজপত্র পাওয়া যায়নি।চাতলাপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক খন্দকার আতিক সেলিম, শেখর দে ও নন্তু দাশ পুরকায়স্থ প্রথম আলোকে জানান, ভারতীয় কাস্টম কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার কারণে এখন আর তাঁরা ভারতে মাছ রপ্তানি করতে পারছেন না। আমদানি-রপ্তানিকারকেরা আরও জানান, এক সপ্তাহ আগে উত্তর ত্রিপুরার কৈলাসহর কাস্টম কর্তৃপক্ষ চাতলাপুর স্থলবন্দরের বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারকদের মৌখিকভাবে জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এখন থেকে শুধু আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়েই বাংলাদেশের মাছ রপ্তানি করা যাবে।ভারতের দেশীয় মাছ ব্যবসাকে চাঙা করতেই এ নির্দেশনা দেওয়া হতে পারে বলে সেই দেশের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের জানিয়েছেন।চাতলাপুর স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আজহারুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো নির্দেশনা তাঁরা পাননি। তবে বাংলাদেশি ব্যবসায়ীরা তাঁকে মাছ রপ্তানি বন্ধের কথা জানিয়েছেন।